যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত
বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। বিকেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া শিশুদের চিত্রাঙ্কন, রচনা, হাতের লেখা, দেশাত্মবোধক গান, সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারক ভাস্কর্যে উপাচার্য এ কে এম নূর-উন-নবী পুষ্পমাল্য অর্পণ করেন।
দিনাজপুরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, জাতীয় সংসদের হুইপ সাংসদ ইকবালুর রহিম, পরে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার মো. হামিদুল আলম, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়।
পার্বতীপুরে প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ইউএনও তরফদার মাহমুদুর রহমান, ওসি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউর করিম, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা রাজ্জাক প্রামাণিক প্রমুখ। বড়পুকুরিয়া কয়লাখনির পক্ষ থেকে দিবসটি পালিত হয়। এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও দিবসটি পালিত হয়েছে। সকালে উপাচার্য মু. আবুল কাসেমের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এস এম হারুন-উর-রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক উপাচার্য মো. রুহুল আমিন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর প্রমুখ।
নীলফামারীতে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। পরে পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, প্রথম আলো বন্ধুসভা, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। উদীচী আয়োজন করে শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনীর। শিশু একাডেমী চত্বরে শিশুদের রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুরূপ কর্মসূচি ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জে পালিত হয়েছে। সৈয়দপুরে প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। সৈয়দপুর সরকারি কারিগরি কলেজে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আমির আলী। সুতারপাড়া ইসলামিক সমাজকল্যাণ সমিতির প্রতিবন্ধী স্কুলে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানে অংশ নেন রোকেয়া প্রাচী, পারভেজ মুরাদ। উদ্বোধন করেন অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আবদুল কাদের।
প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এ সময় ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। কিন্তু বেলা ১১টার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা গেছে, বেদিতে নিবেদন করা ফুল নেই। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফুলের পাপড়ি। কিশোর-কিশোরীরা জুতা-স্যান্ডেল পরে বেদিতে উঠে সেলফি তুলতে ব্যস্ত। দুপুরে কথা হয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘জুতা-স্যান্ডেল পরে বেদিতে ঘোরাফেরা সম্পর্কে কী বলব, এটা চেতনার ব্যাপার।’ জেলা প্রশাসক মো. আবদুল আওয়াল বলেন, শহীদ মিনার শ্রদ্ধার জায়গা, এ চেতনা সৃষ্টি করতে পারলে বেদিগুলোর পবিত্রতা রক্ষা সম্ভব।
কুড়িগ্রামের ফুলবাড়ীর অভ্যন্তরে দাসিয়ারছড়ায় নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। গতকাল সকালে দাসিয়ারছড়ার কালিরহাট বাজারসংলগ্ন শহীদ মিনারে ফুল দিয়ে দিবসের সূচনা করেন ইউএনও দেবেন্দ্র নাথ ঊরাঁও। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।
গাইবান্ধায় প্রথম প্রহরে শহীদ মিনারে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম পুষ্পমাল্য অর্পণ করেন। পরে আওয়ামী লীগ, বিএনপি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ফুল দেয়। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। বক্তব্য দেন পুলিশ সুপার আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির প্রমুখ।
লালমনিরহাটের পাটগ্রামের বিলুপ্ত বর্তমান মুজিব-ইন্দিরা নগরে (ছিট বড় খেঙ্গিরপাড়) ছিটমহলের স্থানীয় বাসিন্দারা কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম আজাদ উপস্থিত ছিলেন। বিলুপ্ত ছিটমহল উন্নয়ন পরিষদের সভাপতি গোলাম মতিনের উদ্যোগে ওই শহীদ মিনার তৈরি করা হয়।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রাম অফিস এবং নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি)