যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত
দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিভাগীয় কমিশনার আবদুস সামাদসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকতা, রাজনৈতিক দলের নেতারা ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভোর হতেই প্রভাতফেরি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের লোকজন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল ছয়টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একই সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য তাঁদের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে নগর ভবনে সিটি করপোরেশনের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। বিকেলে বিভাগীয় গণগ্রন্থাগার চত্বরে খুলনা জেলা প্রশাসন আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এ ছাড়া শহীদ হাদিস পার্ক এবং জাতিসংঘ পার্কে সন্ধ্যায় খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন সাংসদ তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ ও শেখ মো. টিপু সুলতান। আরও শ্রদ্ধা জানান বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব, জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ মোহাম্মদ মারুফ হাসান, মহানগর পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল ইসলাম, জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান প্রমুখ। গতকাল সকালে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা শ্রদ্ধা জানান।
বেলা তিনটায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। সন্ধ্যায় বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের চার দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে আলোচনা সভা হয়। সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করে বিভিন্ন সংগঠন। ভাষাসংগ্রামী ইউসুফ হোসেন এবং সংস্কৃতিজন শান্তি দাশকে দেওয়া হয় শহীদ আলতাফ মাহমুদ স্মৃতি পদক। নগরের রসুলপুর চরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সন্ধ্যায় অশ্বিনীকুমার হলে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা। গতকাল সকাল আটটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় প্রভাতফেরি। সন্ধ্যায় স্থানীয় অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়। এ ছাড়া মেলার প্রাঙ্গণে আবৃত্তি, চিত্রাঙ্কন, শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা, বিতর্ক প্রতিযোগিতা, বই পড়া উৎসব ও ভাষার গানবিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহীদ দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভা ইচ্ছেতলা নামে একটি ভাঁজপত্র প্রকাশ করে।
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সকালে উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এর আগে উপাচার্যের নেতৃত্বে রাত ১২টা ০১ মিনিটে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ও পরে ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
একুশের প্রথম প্রহরে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও পৌরসভার মেয়র হাবিবুর রহমান। এ ছাড়া রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন বরিশাল ও ফরিদপুর অফিস এবং খুলনা ও পিরোজপুর প্রতিনিধি)