যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটি পালনে সরকারি, বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। আমাদের আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
বগুড়া: জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান, সুলতান মাহমুদ খান প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ। আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ শাখার আয়োজনে ক্যাম্পাসে শোক র্যালি হয়। পরে ছাত্রনেতা ধনঞ্জয় বর্মনের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন রাধা রানী বর্মন, মাসুকুর রহমান, লিটন কুমার পাল, আবদুল বাকী প্রমুখ।
রাজশাহী: বিভিন্ন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন হল, ছাত্র-শিক্ষক ও সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী-পেশাজীবী সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতি সংগ্রহশালার উদ্যোগে প্রভাতফেরি করা হয়। এরপর শহীদ বুদ্বিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নওগাঁ: গতকাল সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধন চন্দ্র মজুমদার, নির্মল কৃষ্ণ সাহা, এ কিউ এম ওয়াহেদুজ্জামান খান, জহুরুল ইসলাম, শাকিল আহমেদ প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. সৈয়দ জাবিদ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপাচার্য এ বি এম রাশেদুল হাসানসহ অন্যরা।
জয়পুরহাট: সদর উপজেলার চকবরকত ইউনিয়নের পাহনন্দা গ্রামের পাগলাদেওয়ান সীমান্তের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জয়পুরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। পরে জয়পুরহাট জেলা প্রশাসক আবদুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম, আওয়ামী লীগ নেতা এস এম সোলায়মান আলী, আরিফুর রহমান, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল হক, মুক্তিযোদ্ধা জয়পুরহাট জেলা কমান্ডের কমান্ডার আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা আফছার আলী প্রমুখ।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার। এতে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী রেজাউল করিম তালুকদার, রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম, সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা শরিফ-উল আলম খন্দকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম প্রমুখ।
শেরপুর (বগুড়া): শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা হয়। প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। আরও বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম ওবায়দুর রহমান প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া): সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও অফিস সুপার সিরাজুল হকের পরিচালনায় আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য দেন মিজানুর রহমান খান, সখিনা বেগম, মোস্তফা কামাল হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকার, আবদুল মজিদ, নূরে আলম ছিদ্দিকী।
ঈশ্বরদী (পাবনা): দিবসটি উপলক্ষে উপজেলার ২১ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা দেওয়া হয়েছে। ঈশ্বরদী প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান ও ইউএনও শাকিল মাহমুদ। সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুণ্ডু।