যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।
নগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে। বেলা সাড়ে ১১টার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফছারুল আমীন, সহসভাপতি সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুম চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম বেলায়েত হোসেন।
সকালে জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ ও জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, জাসদ, উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম কমান্ড এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ আলোচনা সভার আয়োজন করে।
বিভিন্ন স্থানে শোক দিবস পালন: ফেনীতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এবং লক্ষ্মীপুর ও পটিয়া প্রতিনিধি জানান, নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের পটিয়া উপজেলায় শোক দিবস পালন করা হয়েছে।
সকালে ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার, জেলা পরিষদের প্রশাসক আজিজ আহমঞ্চদ চৌধুরী, পুলিশ সুপার পরিতোষ ঘোষ প্রমুখ বক্তৃতা করেন। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শহরে শোক র‌্যালি বের করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে দলের কার্যালয়ে আলোচনা সভা হয়।
সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা কামাল মজুমদার, জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ বক্তৃতা করেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগ ভেল্লাপাড়া থেকে কমলমুন্সির হাট পর্যন্ত আটটি স্থানে আলোচনা সভার আয়োজন করে।