যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় গত মঙ্গলবার ১০ মহররম পবিত্র আশুরা পালিত হয়েছে। মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।হিজরি ৬১ সালের ১০ মহররম আখেরি নবী হজরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য ও অনুসারীরা ইরাকের কারবালা ময়দানে ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হয়েছিলেন। বিশ্ব মুসলিমের কাছে এ কারণে দিনটি শোকাবহ। একই সঙ্গে সত্য, ন্যায় ও কল্যাণের পক্ষে সংগ্রামীদের কাছে প্রেরণার উৎস।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মপ্রাণ মুসলমানেরা নফল রোজা ও কোরআন তিলাওয়াত, জিকির আজকারের মতো ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেছেন। শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে বরাবরের মতোই তাজিয়া মিছিল করে কারবালার শহীদদের স্মরণ করা হয়। রাজধানীতে প্রধান তাজিয়া মিছিল বের হয়েছিল পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে। মিছিলটি মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া মোহাম্মদপুর শিয়া মসজিদ, মিরপুর ও অন্যান্য এলাকা থেকেও তাজিয়া মিছিল বের করা হয়।