যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত
দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মৌলভীবাজারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। একে একে পুষ্পস্তবক অর্পণ করে মৌলভীবাজার প্রেসক্লাব, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভা, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান। এ উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার নিয়মিত প্রকাশনা শিখার মোড়ক উন্মোচন করা হয়। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখা পৌর মেয়র চত্বরে সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।
নেত্রকোনা: কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। গতকাল সকালে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। দিবসটি উপলক্ষে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া গতকাল থেকেই শহরের মোক্তারপাড়ায় পুরোনো কালেক্টরেট ভবন প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী বই, হস্তশিল্প ও শিশু আনন্দমেলার শুরু হয়।
শেরপুর: প্রথম প্রহরে শহরের চকবাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন। ভোরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উদ্যোগে প্রভাতফেরি বের করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলোচনা সভা হয়। সংবর্ধনা দেওয়া হয় ভাষাসৈনিকদের।
পূর্বধলা (নেত্রকোনা): দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, প্রথম আলো বন্ধুসভা, উদীচী শিল্পীগোষ্ঠী, স্কুল-কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির আয়োজন করে। প্রথম আলো বন্ধুসভা অতন্দ্র নামে একটি দেয়ালিকা প্রকাশ করে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।