যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার উদ্যাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ভোর সাড়ে পাঁচটায় মানিকগঞ্জ জেলা শহরের বিজয় মেলা মাঠে তোপধ্বনি করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেন। পরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক ফুল দেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (এরশাদ) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টিও (সিপিবি) পুষ্পস্তবক অর্পণ করে। উদীচী, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুল দেওয়া হয়।
সকাল সাড়ে নয়টায় মানিকগঞ্জ শহরে শহীদ তপন-মিরাজ স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সরকারি শিশু পরিবার, আনসার ও ভিডিপি এবং পুলিশ সদস্যরা অংশ নেন। বেলা সাড়ে ১১টায় শহরের বিজয় মেলা মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জে বিকেলে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। চৌধুরীবাড়ী বাসস্ট্যান্ডে ফ্রন্টের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাসদের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ প্রমুখ।
নিখিল দাস বলেন, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ জীবন ও তিন লাখ নারী সম্মান হারিয়েছিল। কিন্তু স্বাধীনতার ৪৬ বছরে দেশে ধনী আরও ধনী হয়েছে। শ্রমিক আরও দরিদ্র হয়েছে। তিনি বলেন, গ্যাসের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় বেশ কয়েক ধাপ বেড়ে যাবে। এর বোঝা নেমে আসবে মূলত শ্রমজীবী মানুষের ওপর। অবিলম্বে গ্যাসের এ বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।
সোনারগাঁয়ে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেনসহ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি শহীদ মজনু পার্কের মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দিবসের শুরুতে ৩১ বার তোপধ্বনি করা হয়। পরে সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।
নরসিংদীতে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার আমেনা বেগম। অনুষ্ঠানে জেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রদর্শনী দেখায়। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, শিশুদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এদিকে নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামানের নেতৃত্বে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে পৌর মিলনায়তনে আলোচনায় জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
গাজীপুরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি করা হয়। পরে শহীদদের স্মরণে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় গাজীপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন। সকালে শহরের শহীদ বরকত স্টেডিয়ামে শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে কুচকাওয়াজ হয়। এতে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক এস এম আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ও ভৈরব এবং গাজীপুর, মানিকগঞ্জ ও সোনারগাঁ প্রতিনিধি)