যথাযোগ্য মর্যাদায় শুভ বুদ্ধপূর্ণিমা পালিত
বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধপূর্ণিমা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার ও মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারসহ বিভিন্ন স্থানে প্রার্থনা ও নানা ধর্মীয় আচার পালন করা হয়।সকালে অনুষ্ঠান শুরু হয় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিক্ষু, অনুসারী ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে বিহারগুলো। এসব বিহারে আগতদের অনেকেই গৌতম বুদ্ধের মূর্তির সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। অনেকে থালায় খাবার সাজিয়ে উত্সর্গ করেন। সকালে সবুজবাগ মহাবিহার ও মেরুল বাড্ডা বিহারে শান্তির শোভাযাত্রা বের করা হয়। মেরুল বাড্ডার শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশ নেন।ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার থেকে বের করা শোভাযাত্রাটি কমলাপুর শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের কাছে গিয়ে শেষ হয়। এরপর বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। রাষ্ট্রপতি জিল্লুর রহমান বঙ্গভবনে বৌদ্ধসম্প্রদায়ের লোকজনের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ভুটানের রাষ্ট্রদূত, শ্রীলঙ্কার হাইকমিশনার, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এ সংবর্ধনায় অংশ নেন। রাষ্ট্রপতি আমন্ত্রিত অতিথিদের বঙ্গভবনে স্বাগত জানান। তিনি অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। এ সময় বঙ্গভবন ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।