যথার্থ ব্যবহার নেই, তবু আরও ১৫টি পদচারী সেতু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পথচারীদের নিরাপদ রাস্তা পারাপারে ৪০টি পদচারী সেতু (ফুটওভারব্রিজ) আছে। এর অনেকগুলো ব্যবহার হয় না বললেই চলে। এ অবস্থায় ৪৭ কোটি টাকা খরচ করে আরও ১৫টি পদচারী সেতু তৈরি করা হচ্ছে। এর মধ্যে পাঁচটির কাজ শেষ হয়েছে।

অভিযোগ উঠেছে, এই প্রকল্পের সঙ্গে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নিয়মিত কাজের সমন্বয়ও নেই। ইতিমধ্যে একটি পদচারী সেতুর স্থান নির্বাচন নিয়ে মামলা হয়েছে।

নিয়ম অনুযায়ী, এক কিলোমিটার দূরত্বে এবং অতি প্রয়োজনে ৫০০ মিটারের মধ্যে সেতু নির্মাণের কথা থাকলেও তা মানা হয়নি। বনানী, রাসেল স্কয়ার, সোবহানবাগসহ বিভিন্ন স্থানে গিয়ে এমন নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে।

‘নির্মল বায়ু ও টেকসই পরিবেশ’ (ক্লিন এয়ার সাসটেইনেবল এনভায়রনমেন্ট বা কেইস) প্রকল্পে বিশ্বব্যাংকের দেওয়া প্রায় ৩০০ কোটি টাকার ঋণে দুই সিটি করপোরেশনের রাস্তা, ফুটপাত, নর্দমা নির্মাণ ও মেরামত করা হচ্ছে। এই প্রকল্পের আওতায়ই ১৫টি পদচারী সেতু তৈরি হচ্ছে। প্রকল্পের পরিচালকের দায়িত্বে রয়েছেন ডিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেহাবউল্লাহ।

দক্ষিণ ডিসিসির প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন ১৪ জুলাই কেইস প্রকল্পের পরিচালকের কাছে লেখা একটি চিঠিতে বলেন, করপোরেশনের সঙ্গে সমন্বয় করে পদচারী সেতুসহ বিভিন্ন সড়ক উন্নয়নকাজ না হওয়ায় অর্থ অপচয় হচ্ছে। চিঠিতে তিনি বলেন, কাজের স্থান নির্ধারণ, গুণগত মান বা অগ্রগতি সম্পর্কে করপোরেশনের প্রকৌশল বিভাগের কোনো ভূমিকার সুযোগ রাখা হয়নি।

কেইস প্রকল্পের পরিচালক মো. সেহাবউল্লাহর সঙ্গে কয়েক দিন আগে যোগাযোগ করা হলে তিনি অপ্রয়োজনীয় স্থানে কোনো সেতু নির্মিত হয়নি বা হচ্ছে না বলে দাবি করেন।

প্রকল্পের আওতায় পান্থপথ, গ্রিন রোড, সোবহানবাগ মসজিদের কাছে, কমলাপুর পীরজঙ্গি মাজারের কাছে, টিচার্স ট্রেনিং কলেজের কাছে, রাজারবাগ সরকারি বালক বিদ্যালয়ের কাছে, মতিঝিল শাপলা চত্বর, শাহবাগ ও এলিফ্যান্ট রোড এলাকায় সেতুগুলো হচ্ছে। কাজ শেষে চালু হওয়া সেতুগুলো হলো রাসেল স্কয়ার, শুক্রাবাদ, বনানী চেয়ারম্যান বাড়ি, মিরপুর-১৩ ও জোয়ারসাহারায়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আগে সেতুগুলো ছিল ইস্পাতের তৈরি, সেগুলো স্থানান্তরের সুযোগ রয়েছে। ডিসিসির সঙ্গে এই প্রকল্পের সমন্বয় থাকলে অব্যবহূত বা কম ব্যবহূত সেতুগুলো প্রয়োজনীয় স্থানে নিয়ে স্থাপন করা যেত। তাতে নতুন করে এতগুলো পদচারী সেতু করার দরকার হতো না। নতুন প্রতিটি সেতুর জন্য খরচ হচ্ছে প্রায় দুই কোটি টাকা।

যে পদচারী সেতুগুলো ব্যবহার কম হয় বা প্রায় অকোজো পড়ে আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সদরঘাট চৌরাস্তার মোড়, হাটখোলা রোড, পুরান ঢাকার সুরিটোলা মোড়, মুগধাপাড়া, কলাবাগান বাসস্ট্যান্ড, পরিবাগ, মগবাজার ও মিরপুর-১৩।

ডিএসসিসির প্রধান প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, অপ্রয়োজনীয় স্থানে কোন কোন সেতু বসানো হয়েছে তা খতিয়ে দেখা হবে।