
বিস্তর মানুষজন, তবে বিশৃঙ্খলা নেই। বাবা-মায়ের হাত ধরে ছোটরা, প্রেমিকের হাত ধরে প্রেমিকা কিংবা বন্ধুরা দল বেঁধে—নানা বর্ণে ধরা পড়ছিল মানুষের মুখ। ঘুরেফিরে বই বা অন্য কিছু দেখা, খাওয়া, আড্ডা, ছবি তোলা—সবই চলেছে শুক্রবার সকাল থেকে। আক্ষরিক অর্থেই কাল ছিল প্রাণের মেলা।
শুক্রবার বেলা ১১টা থেকে দুপুরে বিরতি দিয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত মিশে যাওয়া ভিড়ে। কত-কী দেখা গেল এই প্রাণের উৎসবে! একটু জায়গা পেলে নিজেদের সেলফিবন্দী করার সহর্ষ উন্মাদনা! ক্যামেরা বা স্মার্টফোনের বাটন সাজিয়ে-গুছিয়ে টিপতে না-টিপতেই ফ্রেমের মধ্যে অন্য কারও অনুপ্রবেশে ভুরু কোঁচকানো, পরমুহূর্তেই ফের আরও কিছু হাস্যমুখ ফ্রেমবন্দী করে রাখার প্রস্তুতি। তার সঙ্গে প্রিয় লেখকের বই সংগ্রহ করে তাতে অটোগ্রাফ নেওয়া, ফ্লাস্কভরা চা-কফি, চ্যানেলের সরাসরি প্রচারের হুল্লোড়, বিকেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে পথনাটক, সন্ধ্যায় মেলামঞ্চে গান। সব মিলিয়ে পুরোপুরি উৎসবের চেহারা ছিল গতকাল।
প্রকাশকদের মুখে ছিল প্রসন্ন হাসি। দিনটি তাঁদের কাছে আশা-জাগানিয়া। আজ শনিবারের ১১তম দিনটিও গুরুত্বপূর্ণ প্রকাশকদের কাছে। কেননা আজও মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। আজও মেলায় থাকবে শিশুপ্রহর।
‘আচ্ছা, এত মানুষ যে মেলায় আসে, এরা কি সবাই বই কেনে?’ হাতে হাত রেখে হেঁটে চলা এক তরুণী প্রশ্নটা করছিলেন তাঁর বন্ধুকে। প্রশ্নটা সহজ, উত্তরও জানা। তরুণটি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, সবাই যদি একটা করে বই কিনত, তাহলে আজ সন্ধ্যার আগেই মেলার সব বই সাবাড় হয়ে যেত! সন্ধ্যা সাড়ে ছয়টায় সোহরাওয়ার্দী উদ্যানে মেলায় প্রবেশের মূল গেটের লাইনটি ঠেকেছিল টিএসসি মোড় পর্যন্ত। ভেতরে দ্বিগুণ মানুষের সমাগম। নানা রঙের, নকশার স্টলগুলোর শেলফে সারি সারি সাজানো বই। তবে সবাই যে বই কিনবে, এমনটা প্রত্যাশাও করেন না প্রকাশকেরা। অনিন্দ্য প্রকাশনীর কর্ণধার আফজাল হোসেন বলেন, মানুষ আসছে, ঘুরে ঘুরে নেড়েচেড়ে নতুন বই দেখছে। এতে করে মেলার সঙ্গে, বইয়ের সঙ্গে একটা সম্পর্ক হলো। যাঁরা কিনছেন না, তাঁরা হয়তো ভবিষ্যতে কিনবেন। তিনি জানান, এমন অনেকে আছেন, যাঁরা মেলা থেকে শুধু বই পছন্দ করেন। প্রতিষ্ঠানের নাম-ঠিকানা নিয়ে যান। পরে অর্ডার দেন।
বইমেলায় লেখকদের এখন তেমন করে পাওয়া যায় না। এই আক্ষেপ এখন মেলায় আসা বহু পাঠকের। কিন্তু গতকাল ছুটির দিনে বইমেলায় তা ঘুচিয়ে দিলেন একালের জনপ্রিয় লেখকেরা। আনিসুল হক ছিলেন প্রথমা প্রকাশনে, ইমদাদুল হক মিলন ছিলেন অনন্যায়, হরিশংকর জলদাস ছিলেন মাওলা ব্রাদার্সের স্টলে। বইমেলার বাংলা একাডেমি প্রান্তে লিটল ম্যাগাজিন স্টলেও এদিন ভিড় জমেছিল ভালোই। তরুণ কবিরা ছিলেন এখানকার অলংকার। বর্ধমান হাউসের সামনে সিঁড়িতে বসে দীর্ঘক্ষণ আড্ডা দিয়েছেন ছড়াকার লুৎফর রহমান রিটন, আসলাম সানীসহ আরও অনেকে। বর্ণ প্রকাশের সামনে দেখা গেল এবিসি রেডিওর আরজে কিবরিয়াকে দারুণ ভিড়ের মাঝে। বর্ণ প্রকাশ থেকে এসেছে এই তরুণের জীবনের গল্প নামের বইটির তৃতীয় খণ্ড। বিকেলে শিশুসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালকে ঘিরে শিশু-কিশোরদের হইহুল্লোড়ে মুখর হয়ে ওঠে মেলার ঠিক মাঝখানটা, তাম্রলিপি প্রকাশনীর পাশে।

একুশে বইমেলায় বরাবরই ‘প্রথমা প্রকাশন’ একটা আলাদা জায়গা করে নেয়। এবার এই প্রকাশনাটির অবস্থান সোহরাওয়ার্দী উদ্যানে মেলায় প্রবেশের মূল গেটের বাঁ থেকে এগিয়ে খাবারের দোকানের কাছাকাছি। মেলায় আসা মানুষের অনেকেই প্রথমা প্রকাশনকে খুঁজে নেন শুরুতে। এখান থেকে জোগাড় করেন ব্যতিক্রমী, পছন্দের বই। এই প্রতিষ্ঠানের একজন বিক্রয়কর্মী জানালেন, গতকাল রকিব হাসানের ‘গোয়েন্দা কিশোর মুসা রবিন’ সিরিজের দশম বই সবুজ দুর্গ এসেছে। প্রথম দিনই বইটির চাহিদা ছিল নবীন পাঠকদের মাঝে। পাঠকদের চাহিদায় এ প্রতিষ্ঠানের নতুন বইয়ের মধ্যে আরও আছে আনিসুল হকের প্রিয় এই পৃথিবী ছেড়ে, উৎপল শুভ্রর কল্পলোকে ক্রিকেটের গল্প, মহিউদ্দিন আহমদের আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০, আসিফ নজরুলের অসমাপ্তির গল্প ইত্যাদি।
বাংলা একাডেমি সূত্র জানায়, গতকাল মেলায় এসেছে ৩১৩টি নতুন বই। প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের ফেরা না-ফেরার গল্পর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে। এতে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শাকিলের গল্প নিয়ে কথা বলেন তিন খ্যাতিমান কথাশিল্পী সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন ও মঈনুল আহসান সাবের। আরও বক্তব্য দেন শাকিলের বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী জহিরুল হক। স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।
এ ছাড়া গতকাল মেলায় সময় প্রকাশন এনেছে দন্ত্যস রওশনের যারা ভালোবেসেছিল। সাংবাদিক ও কবি মুস্তাফিজ শফির দুটি নতুন বই এসেছে কাল। এর মধ্যে ঈশ্বরের সন্তানেরা প্রকাশ করেছে কথাপ্রকাশ এবং নির্বাচিত অনুসন্ধান প্রকাশ করেছে রয়েল পাবলিশার্স। মেলায় গুলতেকিন খানের দূর দ্রাঘিমায় এনেছে তাম্রলিপি, সনজীদা খাতুনের রবীন্দ্র বিশ্বাসে মানব-অভ্যুদয় এনেছে নবযুগ।
শুক্রবার মেলার দশম সন্ধ্যায় ‘রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা ও ১১ই মার্চ ১৯৪৮’ বিষয়ে আলোচনা পর্বের আয়োজন করেছিল বাংলা একাডেমি। এতে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। বক্তা ছিলেন আহমাদ মাযহার ও মো. মশিউর রহমান। সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ আতিউর রহমান। সন্ধ্যায় গানের আসরে ছিল দর্শকের ভিড়।