যথাসময়ে টিকফা চুক্তি সই হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টিকফা চুক্তি যথাসময়ে সই হবে বলে জানিয়েছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গতকাল শুক্রবার নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মাহমুদ আলী।
গতকাল সকাল ১০টার দিকে মন্ত্রী দায়িত্ব নেন। এরপর তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে নবনিযুক্ত মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমি কর্মকর্তাদের কাছ থেকে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সম্পর্কে সামগ্রিক ধারণা নিয়েছি।’
বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি (টিকফা) সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আগেই সিদ্ধান্ত হয়েছে। কাজেই এটি যথাসময়ে হবে।
প্রসঙ্গত, ওয়াশিংটনে ২৫ নভেম্বর টিকফা সইয়ের কথা রয়েছে।
বর্তমান প্রেক্ষাপটে তিস্তা চুক্তি সই করার মতো পরিস্থিতি তৈরি হলে কী করবেন—এ প্রশ্নের উত্তরে মাহমুদ আলী বলেন, ‘আপাতত কাজ শুরু করি। ভবিষ্যৎই বলে দেবে কী করতে হবে।’ শুক্রবার ছুটির দিনে যোগদানের ব্যাপারে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে কোনো ছুটির দিন নেই। এখানে ২৪ ঘণ্টাই কাজ চলে।