যথাসময়ে সংলাপ হবে, সমাধানও হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আমার ধারণা, রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে যথাসময়ে সংলাপ হবে। সমাধানও হবে। ২৪ জানুয়ারির আগে নির্বাচন হবে। স্বাভাবিকভাবেই সরকার পরিবর্তন হবে।’
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে এক সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। ‘রাজস্ব আদায় বিষয়ে দিকনির্দেশনা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। সংসদীয় ব্যবস্থায় নির্বাচনপদ্ধতি আমরা রপ্ত করতে পারিনি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পরও ভোট জালিয়াতি হয়েছে। দুবার নির্বাচন নষ্ট হয়েছে। ভোট নিয়েই আমাদের যত অসুবিধা।’ নির্বাচনী বছর প্রবৃদ্ধি কম হওয়ার ঝুঁকির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘সব সময় নির্বাচনের বছর কম-বেশি অনিশ্চয়তা তৈরি হয়। অন্যান্য বছরের তুলনায় এ সময় প্রবৃদ্ধিও কমে যায়। এ জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বৃদ্ধির হার অন্যান্য বছর ২০-২২ শতাংশ বেশি ধরা হলেও এবার ১৬ শতাংশ বেশি ধরা হয়েছে।’
বন্দরে বৈঠক: অর্থমন্ত্রী দুপুরে বন্দরের বোর্ড রুমে বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান বন্দরের কর্মকাণ্ড তুলে ধরেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী বন্দরের সিসিটি এবং এনসিটি এলাকায় জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম পরিদর্শন করেন। এসব কার্যক্রম সম্পর্কে অর্থমন্ত্রীকে ধারণা দেন বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।