যথাসময়ে অভিযান শুরু না করায় কৃষকের লোকসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাসময়ে সরকার গম সংগ্রহ অভিযান শুরু না করায় রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অথচ দেড় মাস আগে ওই অভিযান শুরু করলে কৃষকেরা লাভবান হতেন। এখন কৃষকের বদলে ব্যবসায়ীরা কৌশলে গুদামে গম সরবরাহ করে ফায়দা লুটবেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কৃষক ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে গম ক্রয় অভিযান শুরু করার কথা গত ১ এপ্রিল থেকে। কিন্তু রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় ৪০ দিনেও গম ক্রয় অভিযান শুরু করা হয়নি। স্থানীয় সাংসদ সময় দিতে না পারায় ওই সংগ্রহ অভিযান শুরু করা যায়নি বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকেরা।
তবে নাম প্রকাশ না করার শর্তে কৃষি বিভাগের একাধিক কর্মকর্তা জানান, কৃষকের ঘরে এখন গম নেই। কৃষকের নামে-বেনামে খাদ্যগুদামে গম দিয়ে ফায়দা লুটবেন ক্ষমতাসীন দলের নেতারা। ইতিমধ্যে তাঁরা কৃষি কার্যালয়ে তদবির করে নাম তালিকাভুক্ত করিয়েছেন। কারণ, টনপ্রতি গমের বাজারমূল্য বর্তমানে সর্বোচ্চ ১৮ হাজার টাকা। অথচ তা কিনে গুদামে দিতে পারলে পাবেন ২৮ হাজার টাকা। অর্থাৎ প্রতি টনে লাভ হবে ১০ হাজার টাকা।
এ ব্যাপারে গত শনিবার দুপুরে মুঠোফোনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আহসানুল হক চৌধুরী বলেন, ‘আগের এমপিরা গম-ধান ক্রয় অভিযানের উদ্বোধন করতেন। কর্মকর্তারা হয়তো সেই ধান্দায় আছেন। এতে উদ্বোধনের কিছু নাই। আমি দ্রুত গম কেনার জন্য ইউএনও সাহেবকে এখনই নির্দেশ দেব।’
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার বদরগঞ্জ ও তারাগঞ্জে ৬ হাজার ৭০৬ মেট্রিক টন গম উৎপাদন করা হয়েছে। সরকারিভাবে বদরগঞ্জে সরাসরি কৃষকের কাছ থেকে ৪৯২ ও তারাগঞ্জে ১২৭ টন গম কেনার কথা। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা।
দুই উপজেলার কয়েকজন কৃষক জানান, দেড় মাস আগে এলাকায় গম কাটা-মাড়াই শেষ হয়। ওই সময়ই অধিকাংশ কৃষক তা বিক্রি করে বোরো আবাদ ও সাংসারিক খরচ জুগিয়েছেন। তখন প্রতি মণ (৪০ কেজি) গম তাঁরা বিক্রি করেছেন ৬০০ থেকে ৬৫০ টাকায়। গত শনিবার স্থানীয় বাজারে ওই গম বিক্রি হয়েছে ৭০০ থেকে ৭২০ টাকায়। কিন্তু সরকার গম ক্রয় করছে ২৮ টাকা কেজি হিসেবে প্রতি মণ ১ হাজার ১২০ টাকায়। মৌসুমের শুরুতে স্থানীয় খাদ্যগুদামে গম কেনা শুরু করলে বাজারেও তার প্রভাব পড়ত। কিছুটা দাম পেতেন কৃষকেরা।
বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ি গ্রামের গমচাষি আবদুল হামিদ জানান, এক বিঘা (৬০ শতক) জমিতে তিনি গম পেয়েছেন ১৩ মণ। খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। মণপ্রতি ৬৫০ টাকায় বিক্রি করে তিনি পেয়েছেন ৮ হাজার ৪৫০ টাকায়। এতে ৬০ শতকে গম চাষ করে তাঁর ১ হাজার ৫৫০ টাকা লোকসান হয়েছে।
তারাগঞ্জের দৌলতপুর গ্রামের কৃষক আনিছুল হক বলেন, ‘হামরা যকন গোম কাটি, তখন সরকার কেনে না। এ্যালাতো হামার ঘরোত গোমে নাই। তা হইলে ওরায় ওরায় কিনুক (সরকারি দলের লোক) ওরায় বাঁচুক, মরুক কেষক।’
বদরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক বলেন, ‘আমরা কৃষি বিভাগ থেকে গমচাষিদের তালিকা পেয়েছি ১০-১২ দিন আগে। কিন্তু এমপি মহোদয় সময় দিতে না পারায় সংগ্রহ অভিযান শুরু করা যায়নি।’
তারাগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, উপজেলা কৃষি বিভাগ থেকে গমচাষিদের তালিকা হাতে পেতেও কিছুটা দেরি হওয়ায় ৪০ দিনেও গম সংগ্রহ অভিযান শুরু করা সম্ভব হয়নি।
তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘গম ক্রয় অভিযান ১ এপ্রিল থেকে শুরু করার কথা থাকলেও উপজেলা খাদ্য বিভাগ থেকে গমচাষিদের তালিকা চাওয়া হয় ১১ এপ্রিল। আমরা এক সপ্তাহের মধ্যে তালিকা জমা দিয়েছি।’
বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘বর্তমানে ৯৮ ভাগ কৃষকের ঘরে গম নেই। আমরা কৃষকদের তালিকা খাদ্য বিভাগে জমা দিয়েছি। নির্ধারিত সময়ে খাদ্যগুদামে গম ক্রয় শুরু করা হলে কৃষকেরা কিছুটা উপকৃত হতেন। ২২ এপ্রিল খাদ্য বিভাগ থেকে আমাদের কাছে ওই তালিকা চাওয়া হয়।’