আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান নিয়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যথাসময়ে আইনানুগ ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার ১৪ দলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়া একটি দেশকে ইঙ্গিত দিয়ে এ দেশের যৌথ বাহিনীর সদস্যদের ভিনদেশি বলে বক্তব্য দিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাঁর এ বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শান্তির জন্য মাঝেমধ্যে শক্তি প্রয়োগ করতে হয়। সে কারণে যৌথ বাহিনীও একটু কঠোর হয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার শান্ত হওয়া দরকার। মাঠে ও নির্বাচনে পরাজিত হওয়ার পরও তিনি জয়লাভ করার কথা বলেছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ভবিষ্যতেও সংবিধান অনুয়ায়ী যথাসময়ে নির্বাচন হবে।
১৪ দলের বৈঠকে সদ্য প্রয়াত বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাংসদ শওকত মোমেন শাহজাহান ও নির্বাচনী সহিংসতায় নিহত সবার প্রতি শোক প্রকাশ করা হয়। বৈঠকে তরীকত ফেডারেশনকে ১৪ দলের অন্তর্ভুক্ত করা হয়।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, তরীকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক এম এ আওয়াল, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, বাসদের (একাংশ) আহ্বায়ক রেজাউর রশিদ খান, আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।