যথাসময়ে টিকা দেওয়া হচ্ছে না সময়সূচি বদলের চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পাঁচ বছর ধরে নবজাতককে সঠিক সময়ে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনায় বলা আছে, জন্মের ২৪ ঘণ্টার মধ্যে শিশুকে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিতে হবে। পরে দিলে শিশুর দেহে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। অথচ দেশে এই টিকা দেওয়া হচ্ছে ছয় সপ্তাহ বয়সে। ২০০৫ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা অন্তর্ভুক্তির পর থেকে এটাই প্রথা হয়ে দাঁড়িয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ‘হেপাটাইটিস বি ইম্যুনাইজেশন: আইডেন্টিফাইং দি আইডিয়াল শিডিউল’ শীর্ষক এক উপস্থাপনাপত্রে বলা হয়েছে, ছয় সপ্তাহ বয়সে টিকা দেওয়ার কারণে ৬০ শতাংশ নবজাতক এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থেকে যাচ্ছে। সূত্র বলছে, জন্মের ২৪ ঘণ্টার মধ্যে নবজাতককে এ টিকা দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ব্যাপারে ছয় সদস্যবিশিষ্ট কমিটিও গঠন করেছে সরকার।বিশ্ব স্বাস্থ্য সংস্থা সঠিক সময়ে টিকা দেওয়ার ব্যাপারে বারবার জোর দিয়েছে। নির্দেশনা ছাড়াও হেপাটাইটিস বিষয়ে গত বছর ১২ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিষদের (এক্সিকিউটিভ বোর্ড) ১২৬তম সভার (সেশন) প্রতিবেদনে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়ার কথা বলা হয়েছে।হেপাটাইটিস যকৃৎ (লিভার) প্রদাহজনিত রোগ। মা আক্রান্ত হলে শিশুর সংক্রমণের আশঙ্কা থাকে। এ ছাড়া রক্ত পরিসঞ্চালন, যৌনক্রিয়া, সংক্রমিত সুচ বা রেজর ব্যবহারের মাধ্যমে এ ভাইরাসটি ছড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, শিশু ভাইরাসে আক্রান্ত হলে তার দীর্ঘমেয়াদি যকৃৎ রোগ হওয়ার আশঙ্কা থাকে, পরিণামে অকালমৃত্যু ঘটে। এ ব্যাপারে কমিটির সদস্য লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, বিশ্বের একাধিক দেশে জন্মের ২৪ ঘণ্টার মধ্যে শিশু এ টিকা পাচ্ছে। বছরের পর বছর আমাদের দেশে ভুল সময়ে টিকা দেওয়ায় ক্ষতি হচ্ছে শিশুস্বাস্থ্যের। কমিটির সভাপতি আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, দেশের বেশির ভাগ শিশুর জন্ম বাড়িতে হয়। সে ক্ষেত্রে এ বিপুলসংখ্যক নবজাতককে কীভাবে সময়মতো টিকা দেওয়া যায়, তা বিবেচনায় নিয়ে কমিটি কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, হেপাটাইটিস বি ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার। এই ভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা ব্যয়ও অনেক বেশি। রাজধানীর একটি হাসপাতালে কথা হয় এই ভাইরাসে আক্রান্ত ৩৭ বছর বয়সী আবদুল কুদ্দুসের (ছদ্মনাম) সঙ্গে। তিনি চিকিৎসা নিচ্ছেন দেড় বছর ধরে। মাসে ওষুধের জন্য খরচ হচ্ছে প্রায় পাঁচ হাজার টাকা। কুদ্দুসের মা, ২০ বছর বয়সী ভাই ও ২৩ বছর বয়সী বোনও এই রোগে আক্রান্ত। মায়ের পেছনে খরচ হচ্ছে প্রতি মাসে এক হাজার টাকার বেশি। কুদ্দুস প্রথম আলোকে বলেন, খরচ চালানো সম্ভব হচ্ছে না বলে ভাই আর বোন চিকিৎসা ছাড়াই থাকবে।আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘এই হলো হেপাটাইটিস...প্রতিরোধ করুন, পরীক্ষা করুন ও চিকিৎসা নিন।’ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চিকিৎসক-সমাজকে আরও সেবার মনোভাব নিয়ে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।