যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশকে তাগিদ
মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে তাগিদ দেওয়া হয়েছে। চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মো. মুন্সী মশিয়ার রহমান আজ বুধবার বিকেলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে এ তাগিদ দেন। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে’র সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিচারাধীন পুরাতন মামলা দ্রুত নিষ্পত্তি করতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকার্য সম্পন্ন করে প্রতিবেদন দাখিল, যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিতকরণ, গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যক্তিকে আইন নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থাপন নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেওয়া হয়।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ যে সমস্ত আইনে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকার্য সম্পাদনের বাধ্যবাধকতা রয়েছে সেগুলোকে পুলিশকে প্রতিবেদন দিতে তাগিদ দেন মুখ্য বিচারিক হাকিম। সভায় বলা হয়, ভিকটিমকে মামলায় সাক্ষী করা হয় না। তাই এ বিষয়ে পুলিশকে আরও সতর্ক ও যত্নবান হতে নির্দেশ দেওয়া হয়। গাড়ি দুর্ঘটনা সংশ্লিষ্ট মামলার বিষয়টিও সভায় আসে। বলা হয়, গুরুতর জখম ব্যক্তিদের চিকিৎসা সনদ আদালতে দাখিল করা হয় না। ফলে ওই মামলাগুলো যথাযথ সাক্ষ্যের অভাবে প্রমাণিত হয় না।
সভায় পুলিশ প্রতিবেদনে সাক্ষী হিসেবে উল্লেখিত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ সব সাক্ষীর নামের সঙ্গে তাঁদের ব্যক্তিগত মুঠোফোন নম্বর সংযুক্ত করার তাগিদ দেওয়া হয়।
সভায় আরও বলা হয়, কোনো মামলায় হাকিম আসামির জবানবন্দি গ্রহণ করলেও অভিযোগপত্রে সেই হাকিমকে সাক্ষী হিসেবে রাখেন না তদন্ত কর্মকর্তারা। অনেক সময় দেখা যায়, অভিযোগপত্রে নাম না থাকার পরও কাউকে কাউকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন পুলিশ কর্মকর্তারা।
সভায় বিচারকেরা জানান, মিরসরাই থানার কিছু অংশ নিয়ে নতুন করে জোরারগঞ্জ থানা গঠিত হয়। নতুন থানা হওয়ার আগের ঘটনার মামলাগুলোতে আসামি ও সাক্ষীদের প্রতি মিরসরাই থানার নামে আদালত থেকে পরোয়ানা জারি করা হয়েছে। সেসব পরোয়ানা এখন মিরসরাই থানায় গেলে তা আবার আদালতে ফেরত পাঠানো হচ্ছে। কারণ যার নামে এই পরোয়ানা সেই ব্যক্তির অঞ্চল এখন জোরারগঞ্জ থানা। এটি না করে সেই পরোয়ানা সরাসরি জোরারগঞ্জ থানায় ফেরত পাঠালেই হয়। এতে ধার্য দিনে সাক্ষী হাজির হতে পারেন।
চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম,বিচারিক হাকিমগণ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা সরকারি কৌঁসুলি, চট্টগ্রামের সিভিল সার্জন, র্যাবের প্রতিনিধি ও জেলার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।