যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে যথাসময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে তাগিদ দেওয়া হয়েছে। চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মো. মুন্সী মশিয়ার রহমান গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে এ তাগিদ দেন।
চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শিপলু কুমার দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলা দ্রুত নিষ্পত্তি করতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল, যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করা, গ্রেপ্তারের পর অভিযুক্ত ব্যক্তিকে আইন-নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির করার জন্য সংশ্লিষ্ট সবাইকে তাগিদ দেওয়া হয়।
সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ যেসব আইনে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করার বাধ্যবাধকতা রয়েছে, সেসব ক্ষেত্রে পুলিশকে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের কথা বলেন মুখ্য বিচারিক হাকিম। সভায় পুলিশ প্রতিবেদনে সাক্ষী হিসেবে মামলার তদন্তকারী কর্মকর্তাসহ সব সাক্ষীর নামের সঙ্গে তাঁদের ব্যক্তিগত মুঠোফোন নম্বর সংযুক্ত করার তাগিদ দেওয়া হয়।
সভায় বিচারকেরা জানান, মিরসরাই থানার কিছু অংশ নিয়ে নতুন করে জোরারগঞ্জ থানা গঠিত হয়েছে। নুতন থানা হওয়ায় আগের মামলার আসামি ও সাক্ষীদের মিরসরাই থানার নামে আদালত থেকে পরোয়ানা জারি করা হলেও থানা থেকে ফেরত পাঠানো হচ্ছে। বলা হচ্ছে, পরোয়ানার ব্যক্তির ঠিকানা মিরসরাই নয়, জোরারগঞ্জ থানায়। মিরসরাই থানা-পুলিশ এটি আদালতে ফেরত না দিয়ে জোরারগঞ্জ থানায় পাঠিয়ে দিলে ধার্য দিনে সাক্ষী হাজির হতে পারতেন।
চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, বিচারিক হাকিমেরা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুজিবুল হক, সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম, চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, র্যা বের প্রতিনিধি ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।