যথাসময়ে বাস্তবায়নের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সহযোগিতায় চট্টগ্রামে তিনটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল এবং জাহাজে আমদানি করা জ্বালানি তেল গভীর সমুদ্র থেকে পাইপের মাধ্যমে সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করা। তিন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা গেলে চট্টগ্রামে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রামের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা যথাসময়ে এসব প্রকল্প বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণের ওপর জোর দিয়েছেন। একই সঙ্গে এসব প্রকল্পের সুফল পেতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন।

সরকারি তিন প্রকল্পের বাইরে বেসরকারি উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনেও সহযোগিতা করছে চীন। শিল্প গ্রুপ এস আলমের সঙ্গে যৌথভাবে ও চীনের দুটি প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়ন করছে।

উন্নয়ন প্রকল্পে চীনের সহযোগিতার বিষয়ে চট্টগ্রামের প্রবীণ অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দর খান প্রথম আলোকে বলেন, ‘টানেল হলে কর্ণফুলী নদীর অপর পাড়ে শহর এবং বাণিজ্য সম্প্রসারিত হবে। তবে এই টানেল রক্ষণাবেক্ষণ কিংবা এর ব্যবস্থাপনায় আমরা কতটা কারিগরিভাবে সক্ষম, সেটাও দেখতে হবে। টানেলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাও একটা বড় বিষয়। এসব নিশ্চিত করা গেলে অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব।’

চীনের সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, টানেলের বিষয়টি বিএনপি সরকারের সময়ও আলোচনায় ছিল। বাস্তবায়ন করা গেলে এতে যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। সরকার উন্নয়ন করছে ভালো। তবে সাধারণ মানুষকে তাঁদের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়াও দরকার। তিনি বলেন, উন্নয়ন যেন ঠিক সময়ে ও দুর্নীতিমুক্তভাবে হয়, সেটা নিশ্চিত করা জরুরি।

কর্ণফুলী নদীর তলদেশে টানেলের দৈর্ঘ্য হবে তিন কিলোমিটারের বেশি। এর নির্মাণকাজ ২০২০ সালের জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিদেশি বিনিয়োগকারীদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও টানেলের সুফল পাবেন বলে আশা করছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।

টানেল থেকে দুই কিলোমিটার দূরে আনোয়ারা উপজেলার জিউড়ি-বটতলী-বৈরাগ-বেলচূড়া এলাকায় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে।

অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার পর বন্দর দিয়ে আমদানি-রপ্তানির পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়বে বলে মনে করেন পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ।

প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের প্রতি জোর দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আবুল বশর চৌধুরী। তিনি বলেন, আমাদের দেশে প্রকল্পগুলোর ৯৯ ভাগই যথাসময়ে বাস্তবায়িত হয় না।

টানেল ও অর্থনৈতিক অঞ্চলের বাইরে চট্টগ্রামের আরেকটি প্রকল্প হচ্ছে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপ লাইন’ প্রকল্প। আমদানি করা জ্বালানি তেল গভীর সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে পাইপের মাধ্যমে সরাসরি ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করার জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রকল্প পরিচালক শরীফ হাসনাত বলেন, প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে আড়াই দিনের মধ্যে এক লাখ টনের একটি জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারির স্থাপনায় নেওয়া যাবে। বর্তমানে জাহাজ থেকে তেল খালাস করে স্থাপনায় নিতে ১১-১২ দিন সময় লাগে।

উন্নয়ন প্রকল্পগুলো চট্টগ্রামের জন্য বড় পাওয়া বলে মনে করছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে পুরো দক্ষিণ চট্টগ্রাম শিল্পাঞ্চলে পরিণত হবে। এতে প্রত্যক্ষভাবে অন্তত এক লাখ লোকের কর্মসংস্থান হবে।