যথাসময়ে মূসক পরিশোধের ওপর জোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই মিলে মূসক দেব, দেশ গড়ায় অংশ নেব/ পরনির্ভরতার দিন শেষ, মূসক দিয়ে গড়ব দেশ/ মূসক দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে/ যথাযথ মূসক দিন, চালানপত্র বুঝে নিন—এমন নানা স্লোগানে গতকাল শুক্রবার বরিশাল ও খুলনায় পালিত হয়েছে মূল্য সংযোজন কর (মূসক) দিবস।
সকাল ১০টায় বরিশাল নগরের গোরাচাঁদ দাস রোডে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে মতবিনিময় সভা হয়। এতে মূল্য সংযোজন কর ব্যবস্থাপনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি জোর দেওয়া হয়। বক্তারা বলেন, মূল্য সংযোজন কর ব্যবস্থাপনা উন্নয়নে সরকারের পাশাপাশি সচেতন নাগরিক সমাজ ও ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।
কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশালের সহকারী কমিশনার মো. বিলাল হোসেনের সভাপতিত্বে সভায় মূল্য সংযোজন কর-বিষয়ক প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন বরিশালের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিলাল হোসেন বলেন, জাতি হিসেবে বিদেশের ওপর নির্ভরতা কমাতে মূল্য সংযোজন কর যথাসময়ে পরিশোধে আরও আন্তরিক হতে হবে। তাহলেই দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে।
সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে এসে শেষ হয়। এতে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
খুলনায় বিভিন্ন জেলার ২২টি সর্বোচ্চ মূসক প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ মূসক পরিশোধ করায় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধির হাতে এ সম্মাননা তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো আব্দুল্লাহ ব্যাটারি কোং প্রা. লি., মেসার্স সিটি ইন লি., এশিয়ান পেইন্টস (বিডি) লি., দুবাই বাংলাদেশ সিমেন্ট লি., মেসার্স হোটেল আল আমিন, সুন্দরবন টেক্সটাইল মিলস, মেসার্স ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, আর কে ট্রেডিং, মেসার্স পদ্মা বেয়িং লি., বেস্ট ফুড গার্ডেন, মেসার্স আব্দুল মতিন মৃধা, মেসার্স আকন ট্রেডিং, আজীজ গাজী, এশিয়া বিডি, বাজাজ সেন্টার, চন্দ্রা রেস্ট হাউস, সিগমা ট্রেডার্স, মেসার্স হক কেমিক্যাল ওয়ার্কস, মেসার্স হুমায়ুন স্টোর, মেসার্স এ রহমান অ্যান্ড সন্স, পানজা বিড়ি ও সিকদার অটোস।
সকালে মংলা কাস্টম হাউস মিলনায়তনে সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়। খুলনা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার কে এম অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মংলা কাস্টম হাউসের কমিশনার আল আমিন প্রামাণিক ও খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আমিনুল হক।
এর আগে খালিশপুরে মংলা কাস্টম হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।