যথাসময়ে রাস্তা পরিষ্কার হচ্ছে না, ফেলা হয় না আবর্জনাও

টিকাটুলীর রাজধানী মার্কেটের কাছে গতকাল শনিবার সকাল ৮টার দিকে একজন পরিচ্ছন্নতাকর্মী রাস্তা ঝাড়ু দিচ্ছেন। উড়ছে ধুলাবালু। এ কাজটি হওয়ার কথা ছিল সকাল ৬টার মধ্যে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কয়েক মাস ধরে অভিযোগ আসছে, সিটি করপোরেশনের কর্মীরা সকাল ৮টা পর্যন্ত রাস্তা ঝাড়ু দিচ্ছেন। প্রাতর্ভ্রমণকারী এবং সকালে স্কুলগামী শিশুদের অভিভাবকেরা এতে সমস্যায় পড়ছেন। ধুলাবালু গায়ে আর ময়লার গন্ধ নাকে নিয়ে সকাল শুরু করতে হয় তাঁদের।
অন্য চিত্রও আছে। গতকাল সকাল পৌনে ৯টা। পুরান ঢাকার দয়াগঞ্জ থেকে নারিন্দা যাওয়ার মুখে একটি ময়লাবাহী কনটেইনার। ভেতরটা মোটামুটি পরিষ্কার। কিছুক্ষণ আগেই মাতুয়াইলে ময়লা ফেলে কনটেইনারটি ফিরিয়ে এনে আবার বসানো হয়েছে।
হঠাৎই এক ব্যক্তি ভ্যানগাড়িতে একটি পুরোনো জাজিম আর বারোয়ারি আবর্জনা নিয়ে হাজির। নাম জানতে চাইলে বললেন, জামালউদ্দিন। যথারীতি কনটেইনারে আবর্জনা ফেলছিলেন। ‘সকাল ৬টার পর ময়লা-আবর্জনা ফেলার কথা নয়, আপনি ফেলছেন কেন?’ জবাবে জামালউদ্দিন বললেন, একবার পরিষ্কার করা হয়েছে। এখন এক বাসা থেকে আবার ময়লা দিয়েছে। তিনি কী করতে পারেন? কনটেইনারে না ফেললে মানুষ এ ময়লা রাস্তায় ফেলবে।
বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছে ঢাকার দুই সিটি করপোরেশনেরই অনুরোধ ছিল, সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলতে হবে। করপোরেশন সারা রাত কাজ করে সকাল ৬টার মধ্যে সব পরিচ্ছন্ন করে দেবে। কিন্তু নগরবাসীর একটা অংশ এই আহ্বানে সাড়া দিচ্ছে না। অনেকে যখন–তখন রাস্তার ওপর ময়লা ফেলে। ফলে গোটা শহর সারা দিন অপরিচ্ছন্ন থাকছে। রাস্তায় নাক চেপে ধরে চলাচল করছে মানুষ। গতকাল সকাল ৮টা থেকে ১০টা এবং বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর পুরান ও মধ্য ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে করুণ অবস্থা দেখা যায়।
সকাল সোয়া ৮টার দিকে ইত্তেফাক মোড়ের কাছে দেখা যায়, উল্টো পথে চলছে ময়লার কনটেইনারবাহী বিশাল ট্রাক। ট্রাকের পেছনের ডালাটি খোলা থাকায় ময়লা ঝরে ঝরে পড়ছে রাস্তায়।
সকাল প্রায় ৯টার দিকে ওয়ারীর র্যাংকিন স্ট্রিটে গাউছিয়া ডেন্টাল কেয়ারের কাছে দেখা গেল আবর্জনার স্তূপ। সোয়া ৯টার দিকে হাটখোলা আনসার ক্যাম্পের কাছে কনটেইনারের সামনে বসে ছিলেন রুহুল আমিন। ভেতরে–বাইরে আবর্জনা। একটি কুকুর ময়লার ভেতর খাবার খুঁজছিল। রুহুল আমিন বললেন, একবার পরিষ্কার হয়েছে। আবার করতে হবে। তিনি সিটি করপোরেশনের লোক নন, বদলি পরিচ্ছন্নতাকর্মীর কাজ করছেন।
৯টা ৩৫ মিনিটে সার্কুলার রোডের ফকিরাপুল বাজার এলাকায় আবর্জনার কনটেইনার রাখার পুরো স্থানটি ফাঁকা দেখা গেল। ইস্পাতের দেয়ালের ঘেরাও রয়েছে। বেলা সাড়ে ৩টার দিকে সেখানে আবার গিয়ে দেখা গেল, পাঁচটির মতো কনটেইনার উপচে পড়ছে ময়লা।
মতিঝিল এজিবি কলোনি সড়কে সকাল ও বিকেল—দুই সময়ই কনটেইনারে আবর্জনা দেখা গেল। সকালে জানে আলম নামের একজন পরিচ্ছন্নতাকর্মী কাজ করছিলেন। বললেন, কিছুক্ষণ পরপর আবর্জনা ভরে যায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বললেন, ঢাকা শহরকে আবর্জনামুক্ত রাখতে সার্বিক চেষ্টা করা হচ্ছে। করপোরেশন কাজ করবে, বাসিন্দাদেরও এগিয়ে আসতে হবে।
মেয়র বলেন, বিভিন্ন ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) করা হচ্ছে। যেগুলো শহর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে খুবই কার্যকরী। ইতিমধ্যেই বাবুবাজার, গেন্ডারিয়া, হাজারীবাগ, নন্দীপাড়াসহ বেশ কয়েকটি স্থানে এসটিএস করা হয়েছে। এক মাসের মধ্যে বিভিন্ন স্থানে আরও ১০-১২টি বসবে। তবে এসটিএস করতে গিয়েও সমস্যা হচ্ছে। কারণ, পুরান ঢাকায় স্টেশনের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। তার মধ্যেই কাজ চলবে।