যথাসময়ে সব চিকিৎসক উপস্থিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার সকাল আটটা। হাসপাতালের ২৫ জন চিকিৎসকের ১৬ জন উপস্থিত। কিছু সময়ের ব্যবধানে বাকি নয়জন চিকিৎসকও কর্মস্থলে বসে রোগী দেখেছেন।
অথচ আগের কর্মদিবসে সকাল ১০টা পর্যন্ত ২৫ জনের কেউ ছিলেন না। চিকিৎসা না পেয়ে রোগীরা বিক্ষুব্ধ হয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ অধিকাংশ কক্ষে তালা ঝুলিয়ে দেন। অবরুদ্ধ করে রাখেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে।
এক কর্মদিবসের ব্যবধানে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই বিপরীত চিত্র রোগী ও স্থানীয় বাসিন্দাদের বিস্মিত করেছে।
ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের গণ-অনুপস্থিতি এবং চিকিৎসাবঞ্চিত রোগীদের ক্ষোভের বহিঃপ্রকাশ নিয়ে শুক্রবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘চিকিৎসা না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে অবরুদ্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের আলোকে স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জন পৃথক তদন্ত কমিটি গঠন করেন। স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজুল হক এবং কিশোরগঞ্জ সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত নিজ দপ্তরের তদন্ত দলের নেতৃত্ব দেন। উভয় দলের সদস্যরা গতকাল জনতার রোষে পড়েন। প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে তাঁরাও কিছু সময়ের জন্য অবরুদ্ধ ছিলেন।
পৌর শহরের চন্ডিবের মহল্লার শামিম আহমেদ বলেন, ‘বেশির ভাগ ডাক্তার ক্লিনিক ব্যবসায় জড়িত। হাসপাতালে না থেকে তাঁরা ক্লিনিকে বসে রোগী দেখতে পছন্দ করেন।’
এদিকে তদন্ত দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ জন চিকিৎসকের মধ্যে ১০ জন ছিলেন প্রশিক্ষণে। অনুপস্থিত ছিলেন পাঁচজন, দুজন ছুটিতে, একজন মাতৃত্বকালীন ছুটিতে, একজন গিয়েছিলেন সাক্ষী দিতে, দুজন ছিলেন উপ-স্বাস্থ্যকেন্দ্রে। উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও গাইনি সার্জন। তবে ওই দিন সমন্বয়হীনতার কারণে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়।
অনুপস্থিত থাকা ফ্লোরা সুইটি, সুলতানা সাহারা, তৌহিদুল ইসলাম, কাজী জাকিয়া নুসরাত এবং কাজী রুবিনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল গিয়ে দেখা যায়, সব কটি কক্ষে চিকিৎসক। যথাসময়ে এসে নির্দিষ্ট সময় পর্যন্ত তাঁরা চিকিৎসা দিয়েছেন। বেলা পৌনে ১২টা পর্যন্ত চিকিৎসা পেয়েছেন ৩৫২ জন। এর মধ্যে ১২৮ জন নারী, ৯৮ জন পুরুষ ও ৯৬ শিশু। জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন ৩০ জন।
জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজুল হক বলেন, ‘গণ-অনুপস্থিতি এবং সমন্বয়হীনতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে যাঁরা আসেন, তাঁদের অধিকাংশ পরে এসে আগে চলে যান। এভাবে স্বাস্থ্যসেবা চলে না।’