যথেচ্ছাচার চলছে কিডনি ইনস্টিটিউটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে স্বাধীনভাবে চলছে জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট। সকাল আটটায় হাসপাতাল চালু হওয়ার কথা থাকলেও চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারীরা আসেন তাঁদের সুবিধামতো সময়ে। বেলা আড়াইটায় হাসপাতাল বন্ধ হওয়ার কথা, বন্ধ হয় দেড়টায়।গতকাল বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই প্রতিষ্ঠানে সকাল আটটায় গিয়ে দেখা গেল, ইউরোলজি ও নেফ্রোলজি বহির্বিভাগে রোগীর লাইন। পৃথক কাউন্টারে দুজন টিকিট বিক্রি করছেন। বেশ কয়েকজন টিকিট নিয়ে বসে আছেন চিকিত্সকের অপেক্ষায়।তাঁদের একজন ওয়ালীউল্লাহ গাজীপুর থেকে এসেছিলেন। সকাল সাড়ে আটটায় তিনি বসে ছিলেন ১১৭ নম্বর কক্ষের সামনে। কর্মচারীরা তাঁকে বলেছিলেন, চিকিত্সক আসবেন সকাল ১০টার পর।একাধিক চিকিত্সক ও কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন সকাল সাড়ে আটটায় চতুর্থ তলায় একটি সভা বসে। একে বলে ‘মর্নিং সেশন’। আধা ঘণ্টার এই সভায় হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ রোগীর বিষয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠানের শতাধিক চিকিত্সকের মধ্যে গতকালের সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক দুজন, সহযোগী অধ্যাপক চারজন, সহকারী অধ্যাপক তিনজন, মেডিকেল কর্মকর্তাসহ মোট ২০ জন। একাধিক চিকিত্সক বলেছেন, পরিচালক উপস্থিত থাকেন না বলে অন্যরা উপস্থিত হন না, ঠিক সময়ে হাসপাতালে আসেন না। নয়টায় পরিচালকের ব্যক্তিগত সহকারী বলেন, ‘পরিচালক স্যার কখন আসবেন, আমরা জানি না।’ একাধিক চিকিত্সক বলেছেন, গত ছয় মাসে পরিচালক এক দিনও এই সভায় উপস্থিত হননি।গতকাল বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে পরিচালক মো. ফিরোজ খান জানান, ‘আমি অসুস্থ মানুষ, আমার পক্ষে সকালের মিটিংয়ে থাকা সম্ভব নয়।’প্রতিষ্ঠানের পরিসংখ্যান কর্মকর্তারা জানান, এখানে ডায়ালাইসিস যন্ত্র আছে ৪৩টি। দ্বিতীয় তলায় ডায়ালাইসিস কক্ষের কর্মকর্তারা জানালেন, ২৮টি যন্ত্র চালু আছে। বাকি যন্ত্র বেকার পড়ে আছে। চারটি এক্স-রে যন্ত্র ব্যবহার করা হচ্ছে না। নিবিড় পরিচর্যাকেন্দ্রের (আইসিইউ) সব যন্ত্রপাতি কেনা হলেও তা চালু করা হয়নি। কাপড়চোপড় পরিষ্কার ও যন্ত্রপাতি বিশুদ্ধ করার জন্য অটোক্লেভ যন্ত্র কেনা হয়েছিল কয়েক কোটি টাকা দিয়ে। সেই যন্ত্র ব্যবহার না করে ধোপার জন্য বাড়তি ব্যয় করছে হাসপাতাল কর্তৃপক্ষ।হাসপাতাল ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি কক্ষ ফাঁকা পড়ে আছে। অভ্যন্তরীণ ওষুধ বিতরণকক্ষে পড়ে আছে পরিত্যক্ত যন্ত্রপাতি। জরুরি বিভাগে নারীদের জন্য পৃথক ওয়ার্ড নেই। অভ্যর্থনার দায়িত্বে থাকা কর্মকর্তা বললেন, ‘মহিলাদের আবার এমারজেন্সি কী?’দোতলায় ২২২ নম্বর কক্ষের সামনে লেখা, ‘এখানে আলট্রাসনোগ্রামের টাকা জমা নেওয়া হয়।’ সকাল নয়টায় বিশাল কক্ষে ১২ জনকে অপেক্ষা করতে দেখা গেল। কিন্তু টাকা জমা নেওয়ার কেউ উপস্থিত হননি। ২১৯ নম্বর কক্ষ ছিল বন্ধ। এখানে একটি এনজিওগ্রাম যন্ত্র আছে। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ২০০১ সালে যন্ত্রটি কেনা হয়েছিল, কোনো দিন চলেনি। এ ব্যাপারে ফিরোজ খান বলেন, ‘এই যন্ত্র চলবে না।’এই প্রতিষ্ঠানে ১০ বছরের বেশি কাজ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন চিকিত্সক বলেন, ‘প্রতিষ্ঠানটি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে। প্রতিষ্ঠানে কোনো শৃঙ্খলা নেই। এর ফলে রোগীরা সেবাবঞ্চিত হচ্ছে।’সংশ্লিষ্ট চিকিত্সক ও রোগ পরীক্ষাগারের কর্মকর্তারা জনিয়েছেন, কিডনি রোগের গুরুত্বপূর্ণ পরীক্ষা এই প্রতিষ্ঠানে হচ্ছে না। সম্প্রতি কেনা রাসায়নিক দ্রব্যের মান খারাপ হওয়ায় তা পরীক্ষার কাজে ব্যবহার করা যাচ্ছে না।বেলা একটায় পৌঁছার আগেই চিকিত্সকেরা হাসপাতাল ছাড়তে শুরু করেন। চিকিত্সকেরা চলে যাওয়ার পরপরই অন্যান্য কর্মকর্তা ব্যস্ত হয়ে পড়েন। কর্মক্ষেত্রের সময় সম্পর্কে জানতে চাইলে তৃতীয় তলার এক কর্মচারী বলেন, চিকিত্সক না থাকলে তাঁরা কেন হাসপাতালে থাকবেন? চতুর্থ তলায় একজন অধ্যাপকের সহকারী বললেন, জরুরি প্রয়োজন হলে ব্যক্তিগত চেম্বারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।এসব ব্যাপারে কথা বলতে চাইলে পরিচালক ফিরোজ খান বলেন, তাঁর অবস্থা সম্পর্কে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এই প্রতিবেদকের সঙ্গে অন্য বিষয়ে তিনি কথা বলতে চান না।