যথেষ্ট হয়েছে এবার ক্ষান্ত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে রাজনীতি থেকে অবসর নিয়ে জাতিকে মুক্তি দিতে বলেছেন একসময় তাঁর রাজনৈতিক সহকর্মী কাজী জাফর আহমদ। তিনি এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘যথেষ্ট হয়েছে, এবার ক্ষান্ত দিন। পানি ঘোলা করা থেকে বিরত থাকুন।’
মহান ভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (জাফর) আয়োজিত এক আলোচনা সভায় দলের চেয়ারম্যান কাজী জাফর আহমদ এরশাদের প্রতি এ আহ্বান জানান।
এরশাদকে ‘ডিগবাজ বিশারদ’ বলে অভিহিত করে কাজী জাফর বলেন, ‘আপনার হাত (দল থেকে বের হয়ে) থেকে আমরা যেমন মুক্তি পেয়েছি, তেমনি গোটা জাতি এখন আপনার হাত থেকে মুক্তি চায়।’
দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, এস এম এম আলম, আহসান হাবিব লিংকন প্রমুখ।