
সোহরাওয়ার্দী উদ্যান কিংবা বাংলা একাডেমির প্রাচীন বটগাছ আর বর্ধমান হাউসের চারপাশে আজ শুধু অন্ধকার, খাঁ খাঁ। আজ আর থাকবে না এখানে প্রবেশের জন্য দীর্ঘ সারি, পায়ে পায়ে হেঁটে চলা। অথচ গতকাল সন্ধ্যায়ও এখানে ছিল অগণিত প্রাণের উপস্থিতি। এই বিস্তর লোকসমাগম আর বেচাকেনা হলেও বরাবরই বইমেলার শেষ দিনটায় লেখক-প্রকাশকদের বিষণ্নতায় আক্রান্ত হতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আবার এক বছরের বিরহের আশঙ্কায় মন খারাপ করে ঘুরে বেড়িয়েছেন লেখক-প্রকাশক-ক্রেতারা। কেননা, প্রাণের মেলা কেবল বই নিয়েই সীমিত ছিল না; লেখক-পাঠক ও ব্যক্তিগত পর্যায়ের যোগাযোগের স্থানেও পরিণত ছিল এটি।
মন খারাপ হলেও ব্যস্ততার কমতি ছিল না কারোরই। সবার মুখে ছিল বইয়ের সংখ্যা, বইয়ের মান ও বেচাকেনা নিয়ে আলোচনা। শেষ দিনটি শুক্রবার হওয়ায় মেলার দ্বার খুলে যায় বেলা ১১টায়। এর পর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন মেলার দুই প্রাঙ্গণেই। বিকেলের পর সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। বন্ধুবান্ধব, পরিবার-পরিজনকে সঙ্গে করে সবাই ঘুরে দেখেছেন শেষ দিনের মেলা। ঘরে ফেরার পথে সঙ্গী করে নিয়ে গেছেন নতুন বইটি।
যদি আরেকটা দিন সময় হতো
খুব বেশি না। একটা দিন অমর একুশে গ্রন্থমেলার সময় বাড়ানোর জন্য প্রকাশক, লেখকদের দাবি ছিল। সময় বাড়ানোর বেশ কিছু যুক্তিও দাঁড় করিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনো কাজ হয়নি। মেলা প্রাঙ্গণে শেষ বেলার রোদন ধ্বনিত হয়েছে গতকাল। সাবেক প্রধান বিচারপতি, আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক গতকাল এসেছিলেন মেলায়। সময় বাড়ানোর বিষয়ে তাঁর যুক্তি স্পষ্ট। মেলার শেষ দিন শুক্রবার এবং তার পরের দিনটিও ছুটি (শনিবার) থাকলে সবার স্বার্থে অন্তত একটি দিন মেলা বাড়াতে পারেন আয়োজকেরা। শুধু এ বছর নয়, ভবিষ্যতেও এ বিষয়ে ভাবা উচিত।
‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’
‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’—এ তত্ত্বে বিশ্বাসী প্রকাশকেরা আবার বিক্রির হিসাব প্রকাশ করে দেওয়াটাকে ব্যবসার গূঢ় তথ্য প্রকাশ করে দেওয়ার তুল্য বলে মনে করেন। ফলে একাডেমির বিক্রয়কেন্দ্র ছাড়া আর কারোর কাছ থেকেই প্রকৃত তথ্য পাওয়া যায় না। তাই বিক্রির প্রকৃত পরিমাণটা কত, তা অনুমান করা বেশ দুরূহ কাজ। তবে বাংলা একাডেমি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, এবারের মেলায় সব প্রতিষ্ঠান মিলে সাড়ে ১৬ কোটি টাকার বই বিক্রি হয়েছে। অমর একুশে গ্রন্থমেলায় গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত বিভিন্ন বিষয়ে নতুন বইয়ের সংখ্যা দুই হজার ৯৫৯টি। এ ছাড়া বৃহস্পতিবার পর্যন্ত বাংলা একাডেমির নিজস্ব বিক্রয় ছিল এক কোটি ১০ লাখ ২৪ হাজার পাঁচ টাকা ৭০ পয়সা।
শেষ দিনের সারাবেলা
শেষ দিনে গতকাল নতুন বই এসেছে ১৭৪টি। নজরুল মঞ্চে ১৪টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শেষ দিনটি শুক্রবার হওয়ায় মেলার দ্বার খুলে যায় বেলা ১১টায়। এর পর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন মেলার দুই প্রাঙ্গণেই। বিকেলের পর সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। বন্ধুবান্ধব, পরিবার-পরিজনকে সঙ্গে করে সবাই ঘুরে দেখেছেন শেষ দিনের মেলা।
মেলার আগের ছুটির দিনগুলোর মতোই গতকালও উল্লেখযোগ্য হারে ছিল শিশুদের উচ্ছল পদচারণ। সকালে অমর একুশে উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত শিশু-কিশোর চিত্রাঙ্কন, সংগীত এবং সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশুসাহিত্যিক এখ্লাসউদ্দীন আহ্মদ। অতিথি হিসেবে ছিলেন মাহমুদ সেলিম। সভাপতিত্ব করেন মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল।
মেলামঞ্চের শেষ দিন
গতকাল বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের আর্থসামাজিক বিস্ময়কর সাফল্যের উৎস এবং এর সাম্প্রতিক সমস্যা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ ফরাসউদ্দিন। আলোচনায় অংশ নেন খোন্দকার ইব্রাহিম খালেদ, মেসবাহ কামাল ও জিয়া রহমান। সভাপতিত্ব করেন কাজী খলীকুজ্জমান আহমদ। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। গ্রন্থমেলার ২০১৪ সালের প্রতিবেদন উপস্থাপন করেন অমর একুশে গ্রন্থমেলার সদস্যসচিব ও একাডেমির পরিচালক শাহিদা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ও চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার প্রদান
গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে সর্বাধিকসংখ্যক মানসম্মত গ্রন্থ প্রকাশের জন্য ‘শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ দেওয়া হয় মাওলা ব্রাদার্স, প্রথমা প্রকাশন ও অন্বেষা প্রকাশনকে। সেরা গ্রন্থের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ দেওয়া হয় বেঙ্গল পাবলিকেশন্সের অন্তর্দাহ এবং পাঠক সমাবেশের কাফকাসমগ্র গ্রন্থটিকে। পুরস্কারপ্রাপ্ত প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুষ্পস্তবক, ক্রেস্ট ও সনদ তুলে দেন সংস্কৃতিমন্ত্রী, বাংলা একাডেমির সভাপতি ও মহাপরিচালক।