প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের মধ্যে যাদের বিচার শুরু হয়েছে, তা শেষ করা হবেই। ভবিষ্যতেও যাতে বিচার হয়, সে ব্যবস্থা করা হবে। যুদ্ধাপরাধীদের খুঁজে বের করে প্রজন্মের পর প্রজন্ম বিচার চলতে থাকবে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে দেশের মানুষ সোচ্চার। অন্যদিকে বিরোধীদলীয় নেতা তাদের রক্ষার জন্য ওঠেপড়ে লেগেছেন। বঙ্গবন্ধু হত্যাকারীদের তারা বিদেশে চাকরি দিয়েছে। তিনি কারও নাম উল্লেখ না করে বলেন, এখন বিএনপি করেন এমন একজনকে বঙ্গবন্ধু স্বাধীনতার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়েছিলেন। সে-ই বঙ্গবন্ধুর খুনিদের লিবিয়া নিয়ে যান দূতাবাসে চাকরি দিয়ে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেতা আইএসআইয়ের (পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) টাকা খান। সেদিন তিনি ক্রিকেটপ্রেমিক হয়ে গেলেন। কাকে তিনি উৎসাহ দিতে মাঠে গেলেন। জীবনে কোনো দিন তাঁকে মাঠে যেতে দেখিনি। আমাদের দল মাত্র দুই রানে হেরেছে। যদি তিনি মাঠে না যেতেন...।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বলেন, ‘অত্যন্ত প্রতিকূল অবস্থায় আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। ৪০ বছর পর বিচার শুরু হয়েছে। যারা টক শো ও আলোচনায় এখনই কেন বিচারকাজ শেষ করা হচ্ছে না বলছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।’ জিয়া-এরশাদ তো তাদের বিচার করেনি। তখন কোথায় ছিলেন? পরে হয়তো তাঁরাই এক দিন বলবেন, তাড়াতাড়ি বিচার অবিচারের নামান্তর। সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম, মাহবুব উল আলম, জাহাঙ্গীর কবির, আ ফ ম বাহাউদ্দিন, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।