সুনামগঞ্জ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে প্রায় এক কোটি টাকার যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দক্ষ লোকবলের অভাবে এসব যন্ত্রপাতি চালানো যাচ্ছে না। এর মধ্যে কিছু চাহিদা না থাকা সত্ত্বেও পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে সেগুলোও অব্যবহৃত পড়ে আছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৭৬ সালে একটি এক্স-রে মেশিন দেওয়া হয়েছিল। গত ৩০ জুলাই থেকে এটি একেবারে অচল হয়ে গেছে। তাই হাসপাতালে এখন এক্স-রে হচ্ছে না। পুরোনো ওই মেশিনে সমস্যা দেখা দেওয়ায় ১০ বছর আগে মন্ত্রণালয়ে আরেকটি মেশিন দেওয়ার জন্য হাসপাতাল থেকে চাহিদাপত্র পাঠানো হয়। কিন্তু মন্ত্রণালয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ২০০৪ সালের নভেম্বর মাসে আরেকটি নতুন এক্স-রে মেশিন পাঠায়।
হাসপাতালের কয়েকজন কর্মকর্তা জানান, নতুন এক্স-রে মেশিনটি চালু করার জন্য যে পরিমাণ বিদ্যুতের ভোল্টেজ দরকার হাসপাতালের বিদ্যুতের লাইনে সে পরিমাণ ভোল্টেজ সরবরাহ নেই। তাই ১০ বছরেও সেটি চালু করা যায়নি। যন্ত্রটির দাম ১০ থেকে ১২ লাখ টাকা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে ৫৪ লাখ ৪০ হাজার টাকা দামের আরও একটি এক্স-রে মেশিন পাঠানো হয়। কিন্তু এটি চালানোর জন্য হাসপাতালে কোনো দক্ষ লোক নেই। তাই এটিও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
এ ছাড়া অব্যবহৃত অবস্থায় অস্ত্রোপচারকক্ষে পড়ে আছে ২০১৩ সালের অক্টোবর মাসে পাঠানো ১৩ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের একটি অর্থোপেডিক টেবিল। এটিও কোনো কাজে আসছে না। এ ছাড়া বাক্সবন্দী অবস্থায় রয়েছে ২০১৩ সালের নভেম্বর মাসে পাঠানো ১৮ লাখ ৯০ হাজার টাকা দামের একটি আইসিইউ ভেন্টিলেটর মেশিন, ২০১১ সালের মে মাসে পাঠানো আড়াই লাখ টাকা মূল্যের একটি মোবাইল এক্স-রে মেশিন এবং ৩০ হাজার টাকা মূল্যের তিনটি সেন্টিপাস মেশিন (প্রস্রাব ও রক্ত পরীক্ষার মেশিন)।
হাসপাতালের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ইলেকট্রো মেডিকেল ওয়ার্কশপ নামের সরকারি প্রতিষ্ঠান। সিলেট কার্যালয় থেকে বিভাগের সব কটি হাসপাতালের যন্ত্রপাতি তারা দেখাশোনা করে থাকে।
ওই প্রতিষ্ঠানে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রদীপ কুমার দাশ বলেন, ‘সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যখন হাসপাতালে এসব যন্ত্রপাতি এনে বসায় তখন আমাদের বলে না। এটিই বড় সমস্যা। যখন যন্ত্রপাতি নষ্ট হয় বা কোনো সমস্যা দেখা দেয় তখন হাসপাতাল থেকে আমাদের ডাকা হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালের পুরোনো এক্স-রে মেশিনটি একেবারের অচল হয়ে আছে। কিন্তু ১০ বছর আগে নতুন যে মেশিনটি দেওয়া হয়েছিল সেটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দিলে এখন আর কোনো সমস্যা হতো না।’
সুনামগঞ্জের সিভিল সার্জন মো. আবদুল হাকিম বলেছেন, হাসপাতালে অব্যবহৃত বা বাক্সবন্দী যন্ত্রপাতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা লিখিতভাবে বিষয়টি তাদের জানাব।’