খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে বায়োমেট্রিক যন্ত্রের মাধ্যমে উপস্থিতি গণনা শুরু হয়েছে। শিক্ষার্থী কলেজে ঢোকার ও বের হওয়ার মুহূর্তের বার্তা চলে যাচ্ছে অভিভাবকদের মুঠোফোনে। গতকাল মঙ্গলবার থেকে খাতা-কলমের পরিবর্তে যন্ত্রে আঙুলের ছাপে শিক্ষার্থীদের উপস্থিতি গণনা শুরু হয়েছে।
গতকাল সকালে কলেজে বায়োমেট্রিক ডিজিটাল পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর সবুর খান, খাগড়াছড়ি কলেজের সাবেক অধ্যক্ষ সুধীন কুমার চাকমা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমগীর জানান, ডিজিটাল এই পদ্ধতিতে একাদশ শ্রেণির ৫৭৬ জন ও দ্বাদশ শ্রেণির ৩৪০ জন শিক্ষার্থীর কলেজের প্রবেশ ও বের হওয়ার মুহূর্তের খুদেবার্তা চলে যাবে অভিভাবকদের কাছে। এর ফলে অভিভাবকেরা সন্তানদের উপস্থিতির বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন।
হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম বলেন, বায়োমেট্রিক ডিভাইস স্থাপনে ব্যয় হয়েছে ৩৫ হাজার টাকা। অভিভাবকদের দৈনিক খুদেবার্তা পাঠানোর টাকা কলেজের উন্নয়ন ফান্ড থেকে বহন করা হচ্ছে।