যন্ত্র চালানোর লোক নেই ১৫ দিনে ২৩ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর হাসপাতালে ১৫ দিনে ২৩ নবজাতকের মৃত্যু ঘটেছে। বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। অত্যাধুনিক যন্ত্র থাকলেও তা চালানোর লোক না থাকা, বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবলের অভাবে শিশুদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হয় না বলে হাসপাতাল সূত্র দাবি করছে। সরেজমিনে ১০০ শয্যার এই হাসপাতালে দেখা গেল, বিছানা না পেয়ে অসুস্থ শিশুদের নিয়ে মেঝেতে বসে বা শুয়ে আছেন অনেকে। হাসপাতালের শিশু বিভাগের নিবন্ধনে রয়েছে, সেখানে প্রতিদিন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গড়ে ২৫টি করে শিশু হাসপাতালে ভর্তি হয়। ১ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট শিশু ভর্তির সংখ্যা ১৩৭। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, নয় দিনে ১৭ শিশু মারা গেছে। এর আগে চার দিনে মারা গেছে আরও ছয় শিশু। এর মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিজে আক্রান্ত হয়ে ১২ জন এবং ইনকিউবেটর যন্ত্রে চিকিৎসাধীন অবস্থায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তিনি জানান, স্বল্প জনবল ও যন্ত্র চালানোর লোকের অভাবকে এই মৃত্যুর জন্য দায়ী করেন। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ওবায়দুল ইসলাম জানান, শিশুদের নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিজ একটি মৌসুমি রোগ। অভিভাবকদের অসচেতনতার কারণে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। স্বল্প জনবল দিয়ে শিশুদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। আরও একটি ইনকিউবেটর যন্ত্র বরাদ্দ হয়েছে, কিন্তু কক্ষের অভাবে সেটি সচল করা যায়নি। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আলাউদ্দিন আহমেদ বলেন, ‘হাসপাতালে ৪২ জন চিকিৎসকের স্থলে মাত্র ১২ জন আছেন। ২৪ জন সুইপারের স্থলে আছেন চারজন। জনবল না বাড়লেও রোগীর চাপ বাড়ছে। ইনকিউবেটর মেশিন আছে, কিন্তু দক্ষ অপারেটর নেই। স্বল্প প্রশিক্ষিত সেবিকারা মেশিনটি চালান। এই কারণে অনেক শিশুকে বাঁচানো যায় না।’