যন্ত্র দিয়ে বালু উত্তোলন হুমকিতে সেতু
ইজারার শর্ত ভঙ্গ করে বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর বথুয়াবাড়ী এলাকায় নির্মাণাধীন সেতুর কাছ থেকে অবৈধভাবে যন্ত্র দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে সেতুটি দেবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বথুয়াবাড়ীর বাঙ্গালী নদীর ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সাতটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ২০১১ সালের জুন মাসে সওজ সেখানে তিন কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ১৪৮ মিটার পিএসসি গার্ডার ঢালাই সেতু নির্মাণকাজ শুরু করে।এলাকাবাসী সূত্রে জানা যায়, এই সেতুর দুই পাশে ৪০০ মিটার দূরে তিন একরবিশিষ্ট দুটি বালুমহাল বছরে ১৩ লাখ টাকায় ইজারা দেওয়া হয়। ইজারায় শর্ত রয়েছে, নদীর চর থেকে ভাসমান বালু উত্তোলন করতে হবে। কিন্তু মামুন নামের ইজারাদার ওই শর্ত না মেনে সেতুর ২০ মিটার উত্তর পাশে আটটি শ্যালো মেশিন দিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করছেন। ফলে ফসলি জমি ও বাড়িঘর ভাঙনের শিকার এবং নির্মাণাধীন সেতুর পিলার দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইজারাদার মামুন বলেন, ‘আমার ইজারায় ভাসমান বালু উত্তোলনের চুক্তি ছিল। লোকসানের কথা ভেবে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ বলেন, উপজেলা ভূমি কর্মকর্তাকে খোঁজ নিয়ে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।