খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রক্তের উপাদান আলাদা করার জন্য দুটি যন্ত্র দীর্ঘদিন ধরে নষ্ট
যন্ত্র নষ্ট, অহনদের কষ্ট
‘মাঝে মাঝে খুব ইচ্ছে করে অন্যদের সঙ্গে মাঠে গিয়ে খেলতে। কিন্তু কখনো যেতে পারি না। স্কুলেও যেতে পারি না। এক প্রকার ঘরেই বন্দী থাকতে হয়। ছাদ, বারান্দা, বই আর ফেসবুকই আমার খেলার মাঠ।’
কথাগুলো বলছিল অহন। তার বয়স নয় বছর। সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত।প্রতি মাসে শরীরে তিন-চারবার রক্ত দিতে হয়। কিন্তু খুলনায় এ ব্যবস্থা নেই। তাই প্রতিবারই পরিবার নিয়ে ছুটতে হয় যশোর। অহনের মতো রাফা, রশ্মিলা, আতিকাসহ থ্যালাসেমিয়ায় আক্রান্ত অনেক শিশু আছে খুলনায়।
অহনের মা শিরোপা পারভীন বলেন, মাত্র পাঁচ মাস বয়সে থ্যালাসেমিয়া ধরা পড়ে অহনের। এখন প্রতি সপ্তাহে তার রক্ত দরকার হয়। রক্তের শুধু রেড সেল অংশটিই তার লাগে। কিন্তু রক্ত থেকে এটি আলাদা করার ব্যবস্থা খুলনায় নেই।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটিতে রক্তের উপাদান আলাদা করার জন্য ব্লাড সেল সেপারেটর (রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজার) নামের দুটি যন্ত্র আছে। কিন্তু যন্ত্র দুটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে বারান্দায় পড়ে আছে। এ যন্ত্র দিয়ে রক্তের শ্বেত কণিকা, লোহিত কণিকা, অণুচক্রিকা ও প্লাজমা আলাদা করা যায়। এক ব্যাগ রক্ত চারটি ভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যায়।
অহনের মা শিরোপা পারভীন বলেন, ‘থ্যালাসেমিয়া ধরা পড়ার পর থেকে প্রতি মাসেই অহনের রক্ত দরকার হয়। মাসে তিন-চারবার রক্তদাতাকে নিয়ে খুলনা থেকে যশোর রেড ক্রিসেন্টে যাই। রক্ত জমা দিয়ে আসি। সেখানে রক্তের উপাদান আলাদা করা হয়। পরে সিরিয়াল অনুযায়ী গিয়ে আবার রক্ত আনি। প্রতিবারের জন্য মোট ২৪০ কিলোমিটার যাতায়াত করতে হয়। সেই রক্ত খুলনায় এনে আবার বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করতে হয়। সব হাসপাতালে রক্ত দিতে চায় না। সব মিলিয়ে প্রতিবারে ৩ হাজার টাকা খরচ। মাসে ৯ থেকে ১২ হাজার টাকা শুধু এর পেছনেই খরচ হয়। খুলনায় যদি একটা মেশিন থাকত, তাহলে এত টাকা লাগত না। কষ্টও কমত। আমাদের মতো অনেক পরিবার উপকৃত হতো।’
অহনের বাবা মোস্তাক হোসেন বলেন, চিকিৎসকেরা অহনের অস্থিমজ্জা প্রতিস্থাপনের জন্য বলেছেন। এ জন্য প্রায় ৫০ লাখ টাকা প্রয়োজন। গত ৯ বছরে চিকিৎসার পেছনে ওর মায়ের বিয়ের গয়না থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হয়ে গেছে। টাকা সংগ্রহের জন্য অহন এখন নিজেই ফেসবুকে ক্যাম্পেইন করছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পাঁচ-ছয় বছর আগে একটি যন্ত্র নষ্ট হয়ে পড়ে থাকার পর ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর নতুন একটি যন্ত্র চালু করা হয়। এটির আনুমানিক দাম ১৬-১৭ লাখ টাকা। চালু হওয়ার ছয় মাসের মধ্যে যন্ত্রটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে এটি নষ্ট অবস্থায় পড়ে আছে।
হাসপাতালের রক্ত পরিসঞ্চালন বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এস এম তুষার আলম বলেন, প্রথম যন্ত্রটি ব্যবহার উপযোগী নেই। পরের যন্ত্রটি নষ্ট হওয়ার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ কোম্পানির প্রতিনিধিকে মেরামতের জন্য অবহিত করে। তাঁরা একবার দেখে গিয়ে দ্রুত ঠিক করার আশ্বাসও দিয়েছিলেন। তারপরও বেশ কয়েকবার তাঁদের জানানো হয়েছে। মেশিনটি চালু থাকা অবস্থায় রক্তের সেল আলাদা করার জন্য রোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হতো না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক আনন্দ মোহন সাহা বলেন, ‘যন্ত্রটি ঠিক করতে লাখ খানেক টাকা লাগবে। মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। চিঠি চালাচালি করে আর সময় নষ্ট করতে চাই না। এখন রক্ত পরিসঞ্চালন বিভাগের উদ্যোগে নিজস্ব অর্থায়নে যত শিগগির সম্ভব এটা ঠিক করে ফেলা হবে।’
অহনদের বাসা থেকে বিদায় নেওয়ার সময় ওর মায়ের ছলছল চোখ অহনের নজর এড়ায় না। মাকে সান্ত্বনা দিয়ে সে বলে, ‘মা বড় হয়ে একটা থ্যালাসেমিয়া সেন্টার গড়ব, তখন আর আমার মতো রোগীদের কষ্ট থাকবে না।’