যন্ত্র নেই, তাই মিলছে না যন্ত্রে পাঠযোগ্য পাসপোট
সিলেট বিভাগের অন্য তিন জেলায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) আবেদন গ্রহণ ও পাসপোর্ট দেওয়ার সুযোগ থাকলেও প্রবাসী-অধ্যুষিত সুনামগঞ্জ জেলার মানুষজন সেই সুবিধা থেকে বঞ্চিত। প্রয়োজনীয় লোকবল ও কার্যালয় থাকলেও কেবল যন্ত্র (মেশিন) না আসায় এর কার্যক্রম শুরু করা যাচ্ছে না বলে জানা গেছে।
সুনামগঞ্জে এই সুযোগ না থাকায় সিলেটে গিয়ে আবেদন জমা, ছবি তোলা এবং পাসপোর্ট আনায় অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে জেলার মানুষকে। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে পাসপোর্ট পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে।
পাসপোর্ট কার্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জুন মাসে সুনামগঞ্জে পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। চলে ২০১১ সালের ৩১ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে সুনামগঞ্জে শুধু পাসপোর্ট বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। প্রতিদিন চার শ থেকে পাঁচ শ পাসপোর্টের আবেদন জমা নেওয়া হতো। কিন্তু সিলেট বিভাগের অন্য তিন জেলায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দেওয়ার কার্যক্রম শুরু হলেও সুনামগঞ্জে সেই সুযোগ এখনো হয়নি। তাই নতুন পাসপোর্ট করতে প্রথম দিন সিলেটে গিয়ে শুধু আবেদন জমা দিতে হয়। পরে আরেক দিন যাওয়া লাগে ছবি তুলতে। এরপর আরেকবার যেতে হয় নতুন পাসপোর্ট আনতে। অনেক সময় এই তিন দিনেও কাজ হয় না।
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সদস্য (সনাক) নির্মল ভট্টাচার্য বলেন, ‘আমার জানামতে আবেদন জমা, ছবি তোলা কিংবা পাসপোর্ট আনার জন্য সুনামগঞ্জ থেকে সেখানে গিয়ে সকালে লম্বা লাইনে দাঁড়াতে হয়। এক দিনের কাজ করতে দুই থেকে তিন দিন সময় লাগে।’
সুনামগঞ্জ জেলা বারের আইনজীবী এনাম আহমদ বলেন, ‘এক বছর ধরে শুনে আসছি, সুনামগঞ্জে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের কার্যক্রম শুরু হবে। কিন্তু কাজ তো শুরু হচ্ছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক সুনামগঞ্জের একজন ট্র্যাভেল এজেন্সির মালিক বলেন, ‘সুনামগঞ্জে এটা চালু না হওয়ার পেছনে সিলেট পাসপোর্ট কার্যালয়ের কিছু কর্মকর্তা ও একটি দালাল চক্রের হাত রয়েছে। কারণ, এখান থেকে এমআর পাসপোর্ট দেওয়া শুরু হলে সেখানে তাদের পাসপোর্ট বাণিজ্যে ভাটা পড়বে।’
এ ব্যাপারে সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাফায়াত মাহবুব চৌধুরী বলেন, ‘কাজ শুরুর জন্য আমাদের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে। মেশিন এলেই নাকি কাজ শুরু হবে।’