যন্ত্র নেই তার পরও অপারেটর ১৭ জন, নিয়োগ হচ্ছে আরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়্যারলেস অপারেটর পদে ২০০১ সালে চাকরিতে যোগ দেন অশোক কুমার বাইন। কিন্তু অধিদপ্তরের ওয়্যারলেস-ব্যবস্থা কার্যকর না থাকায় এক দিনের জন্যও তাঁকে এ যন্ত্রটি চালাতে হয়নি। তাঁর মতো এ পদে আছেন আরও ১৬ জন। সবার একই দশা। কিন্তু যন্ত্র সচল না থাকলেও নতুন করে অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।যন্ত্র না থাকার পরও কেন লোক নিয়োগ করা হবে, জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ওয়্যারলেসের জন্য তরঙ্গ বরাদ্দ, অবকাঠামো তৈরিসহ নানা উদ্যোগ চলছে। কিছুদিনের মধ্যে হয়তো কর্মকর্তারা ওয়্যারলেস ব্যবহার করতে পারবেন। তিনি বলেন, সংস্থার জনবল এমনিতেই কম। অনেক পদই শূন্য রয়েছে। এ কারণে যেসব পদে নিয়োগের অনুমোদন পাওয়া গেছে সেগুলোতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের একজন কর্মকর্তা জানান, সর্বশেষ ২০০১ সালে তিনি ঢাকায় ওয়্যারলেস ব্যবহার করেছেন। এরপর ওয়্যারলেসের সংযোগ বন্ধ হয়ে যায়। ঢাকার আগেই চট্টগ্রামের সংযোগ বন্ধ হয়। এর বাইরে আরও আগেই বন্ধ হয়ে যায়।ঢাকার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানান, তাঁরা অচল ওয়্যারলেস হাতে নিয়েই ঘুরছেন। বিভিন্ন অভিযানে গেলে লোক দেখাতে এগুলো বেশ কাজে লাগে। এগুলো হাতে দেখে লোকজন তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হন।খুলনা গোয়েন্দা অঞ্চলে কর্মরত ওয়্যারলেস অপারেটর অশোক কুমার বাইন প্রথম আলোকে বলেন, পরিদপ্তরে ওয়্যারলেস-ব্যবস্থা কার্যকর নেই। তাই কার্যালয়ে তাঁদের কোনো কাজ নেই। ওয়্যারলেস অপারেটররা সংস্থার বিভিন্ন কাজ করেন। তাঁরা কখনো টাইপ করেন আবার কখনো চা আনেন। তিনি বলেন, সংস্থায় অনেক শূন্যপদ রয়েছে। এখন তাঁদের সেই পদগুলোতে প্রাতিষ্ঠানিকভাবে পুনর্বাসন করা হলে তাঁদের পদোন্নতির সুযোগ তৈরি হবে। সূত্র জানায়, এ বছর আরও সাতজন ওয়্যারলেস অপারেটর নিয়োগের জন্য গত বছর ৫ আগস্ট পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। সেই নিয়োগের প্রক্রিয়া এখনো চলছে।জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) আহসানুর রহমান বলেন, সাতজন ওয়্যারলেস অপারেটর নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। আবেদন পড়ে অনেক। এখন এসব আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে।