যন্ত্র বিকল থাকায় বন্ধ কিডনি ডায়ালাইসিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিডনি ডায়ালাইসিস সেবা চালু হওয়ার পর আজ পর্যন্ত একবারও এখান থেকে সেবা নিতে পারিনি। মাসের পর মাস মেশিন নষ্ট থাকে বলে ময়মনসিংহের বাইরে রোগীকে নিয়ে ডায়ালাইসিস করাতে হয়। আর তা করতে গিয়ে এখানকার অনেক পরিবারই আজ নিঃস্ব।’গত মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের ডায়ালাইসিস প্রক্রিয়া নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন নিজাম উদ্দিন আহম্মেদ। যন্ত্র বিকল থাকায় বার বার ব্যাহত হচ্ছে এই চিকিৎসাসেবা। ময়মনসিংহ শহরের গার্লস স্কুল রোডের বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘আর কত দিন লাগবে মেশিন ঠিক হতে? আজ পত্রিকায় দেখলেন না, এ এলাকার এক রোগী কীভাবে বিনা চিকিৎসায় মারা গেল!’নিজাম উদ্দিন জানান, ২০০৪ সালে তাঁর স্ত্রীর দুটি কিডনিই নষ্ট হওয়ার বিষয়টি ধরা পড়ে। তাঁকে সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয়। আগে তাঁর স্ত্রীকে ঢাকা নিয়ে যেতেন, এখন ময়মনসিংহ শহরের একটি বেসরকারি ক্লিনিক থেকে এ সেবা নেন। সেখানে প্রতিবার ডায়ালাইসিস করাতে গড়ে ব্যয় হয় চার থেকে পাঁচ হাজার টাকা। তিনি বলেন, সরকারি হাসপাতালে এ সেবা পাওয়া গেলে খরচ অনেকটাই কমে যেত। হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুটি ডায়ালাইসিস যন্ত্র সরবরাহ করা হয়। দীর্ঘদিন অব্যবহূত অবস্থায় পড়ে থাকার পর ২০০৯ সালে নেফ্রোলজি বিভাগে যন্ত্র দুটি বসিয়ে ডায়ালাইসিস সেবা চালু করা হয়। তবে এর আগেই একটি যন্ত্র বিকল হয়। চালু হওয়ার কিছু দিনের মধ্যে অন্য যন্ত্রটিও বিকল হয়ে যায়। মেরামত করার পর আবার এটি বিকল হয়ে যায়। এভাবে বেশ কয়েক দফা যন্ত্রটি বিকল হয়। সর্বশেষ পাঁচ-ছয় মাস আগে বিকল হওয়ার পর গত মাসে এটি ঠিক করা হয়। গত রোববার যন্ত্রটি পুনরায় বিকল হয়ে যায়।সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বৃহত্তর ময়মনসিংহে অন্য কোনো সরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করার ব্যবস্থা নেই। নেফ্রোলজি বিভাগে ১০ মাস ধরে সহযোগী অধ্যাপকের পদটি শূন্য রয়েছে। একজন সহকারী অধ্যাপক একজন টেকনিশিয়ান ও কয়েকজন সেবিকা নিয়ে বিভাগটির কাজ চালাচ্ছেন।হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মুকিদ প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ অঞ্চলে যত কিডনি রোগী আছেন, তাঁদের সেবা নিশ্চিত করতে কিডনি বিভাগটি পরিপূর্ণভাবে চালু করা দরকার। বিভাগটির জন্য রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও চিকিৎসা কর্মকর্তা দরকার। অথচ এখানে এসব পদই নেই। তিনি বলেন, সরকারি ফি হিসেবে তাঁরা ডায়ালাইসিস বাবদ মাত্র ৪০০ টাকা নেন। এ ছাড়া রোগীকে প্রতিবার ডায়ালাইসিসের জন্য হাজার খানেক টাকার ওষুধ কিনতে হয়। এ বিভাগের সেবা পুরোপুরি নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসাব্যয় অনেক কমে যাবে। তিনি বলেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কিডনি রোগীদের সেবা নিশ্চিত করতে কমপক্ষে ২০টি ডায়ালাইসিস যন্ত্র দরকার। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক বলেন, ‘আমরা এ বিভাগটি পূর্ণাঙ্গভাবে চালু ও বিকল যন্ত্র দুটি মেরামত করার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, শিগগিরই যন্ত্রগুলো মেরামত হবে।’