যন্ত্রণা-আতঙ্কে দিন কাটছে শিশু শান্তর

পিঠ, মাথাসহ প্রায় সারা শরীরে ছোট ছোট কালো দাগ। মাথার এক পাশ ফোলা। বাঁ চোখের পাশে কালো জখম। কিছুক্ষণ শুয়ে থাকছে, পিঠে ব্যথা শুরু হলে উঠে বসে কাঁদছে। এমন অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১১ বছরের শিশু শান্ত ইসলামের। চোখে-মুখে এখনো আতঙ্ক। যন্ত্রণা-আতঙ্কে ঠিকমতো কথাও বলতে পারছে না সে। রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুলের সামনে গত শুক্রবার দুপুরে জামায়াত-শিবিরের তাণ্ডব, ধ্বংসযজ্ঞের সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পথচারী শান্তর শরীরে অসংখ্য ছররা গুলি বিদ্ধ হয়।
ঢাকা মেডিকেলের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন শান্তর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকেরা বলছেন, তার শরীরে অগুনতি ছররা গুলি থাকলেও সে আশঙ্কামুক্ত। এসব বের করতে হলে অনেক কাটাছেঁড়া করতে হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান গতকাল সোমবার বলেন, ‘ছররা গুলি শরীরে থাকলেও তা ক্ষতি করতে পারবে না। শান্ত আশঙ্কামুক্ত।’
চিকিৎসকদের এমন আশ্বাসেও আতঙ্ক কাটছে না শান্তর মা আসমা বেগমের। তিনি বলেন, ছররা হলেও গুলি তো। এটাই তাঁর আতঙ্কের কারণ। গতকাল বিকেলে তিনি হাসপাতালে এ প্রতিবেদকের কাছে জানতে চান, ‘সত্যি করে বলেন তো, আমার ছেলের কি কোনো সমস্যা হবে না?’
শ্বাসকষ্ট থাকায় ছাপাখানার কাজ বাদ দিয়ে শান্তর বাবা আবদুস সোবহান চলতি মাসেই চায়ের দোকান দিয়েছেন। কিন্তু ছেলে আহত হওয়ার পর দোকান বন্ধ রেখে এখন সারাক্ষণ থাকছেন ছেলের পাশে। তিনি বলেন, আত্মীয়স্বজনের অর্থ সাহায্যের কারণে চোখে কিছুটা আলো দেখতে পারছেন তিনি।
সোবহানের সঙ্গে কথা বলার সময় ব্যথায় কাঁদতে কাঁদতে বাবাকে ডাকে শান্ত। ছেলের কষ্টে তাঁর চোখও ভিজে যায়। ছেলের শরীরে হাত বোলাতে বোলাতে তিনি বলেন, তার (শান্ত) গলা ও মাথায় ব্যথা। শুয়ে থাকলে পিঠ ব্যথা করে। আবার বসলে মাথা ঝিম ঝিম করে। ব্যথায় কাঁদে। কথাও বলতে পারে না।
শান্ত ইশারায় বোঝানোর চেষ্টা করল মাথায় ব্যথা। তার চোখ বেয়ে নামছে পানি।