যন্ত্রণা আর বিষাদে মলিন ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন যন্ত্রণায় কাতরান মো. বাদল। বিছানা থেকে উঠতে পারেন না, একা চলাফেরাও করতে পারেন না। পোড়া জায়গায় সব সময় বাতাস লাগান, তবু জ্বলা কমে না।

বাদল গত ১৯ এপ্রিল দিনাজপুর শহরের রানীগঞ্জ এলাকার যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ হন। ওই ঘটনায় বাদলের তিন ভাইসহ ১৯ জন মারা যান।এ ঘটনায় করা মামলার কোনো আসামিকে এত দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বয়লার বিস্ফোরণে দগ্ধ হলেও প্রাণে রক্ষা পান বাদলসহ দুজন। বাদল সদর উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রী রুকসানা বাড়ির কাজের সময়টুকু বাদে সব সময় স্বামীকে বাতাস করেন। সংসারে তাঁদের তিন সন্তান রয়েছে। বড় ছেলে রুবেল যশোরে একটি চালকলে কাজ করেন।নিজের খরচের পর বাসায় কিছু দেওয়ার মতো সামর্থ্য তাঁর থাকে না। মেজ ছেলে রুমন এইচএসসি পাস করেছে। টাকার অভাবে কলেজে ভর্তি হওয়া হয়নি। আরেক ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। রুকসানা বলেন, তাঁর স্বামীকে ৭ ব্যাগ রক্ত দিতে হয়েছে। চিকিৎসার খরচ জোগাতে আর সংসার চালাতে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। কেউ তাঁদের খোঁজ রাখেন না। সাহায্যও করেননি।

ওই ঘটনায় বাদলের নিহত তিন ভাই হলেন দেলোয়ার, রুস্তম ও মোকসেদ। তিন ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবাজহির মোহাম্মদ। ‘ছোয়াগুলা না থাকিয়া কেমন ফাঁকা ফাঁকা লাগে, মাথাডা চক্কর দিয়া উডে। হামার ঈদ বলিয়া কিচু নাই।’ বলেন জহির মোহাম্মদ।

নিহত দেলোয়ারের স্ত্রী শাপলা বেগম দুই ছেলে নিয়ে সংসারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন। সন্তানদের একজনের বয়স ১১ বছর। আরেকজন দেড় বছরের। অবুঝ সন্তানেরা শুধু ‘বাবা বাবা’ বলে কাঁদে। শাপলা বেগম বলেন, ‘মানুষটা থাকিলে কত কী করি যে কাপড় কিনি আনতো। ছোয়াগুলার মুখের দিক তাকান যায় না। পুরান জামা সাবান দিয়া ধুয়ে নিচিলাম, অইডাই আমাগো ঈদ।’

নিহত রুস্তমের স্ত্রী সেলিনা বলেন, তাঁর এক ছেলে ও এক মেয়ে। ছেলের নিজের সংসার আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। কিন্তু মেয়ের বিয়েতে যৌতুকের টাকা এখনো দেড় লাখ বাকি আছে।

নিহত মোকসেদ আলীর সংসারেরও একই অবস্থা।

একই গ্রামের নিহত আরিফুলের মেয়ের বয়স ৯০ দিন। স্ত্রী মুন্নি বলেন, ছোট বাচ্চাটার জন্য একটা কাপড় কিনতে পারেননি। চালকলের মালিকেরা কোনো ক্ষতিপূরণ দেননি। সংসার কীভাবে চালাবেন, তা ভেবে পাচ্ছেন না।

পাশের মহাবলীপুর গ্রামের দগ্ধ আনিছুরের বাসায় গিয়ে দেখা গেল, তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন। জানা যায়, তাঁদের ভিটেমাটি ছাড়া কিছু নেই। সংসারে উপার্জন করার মতোও আর কেউ নেই। প্রতিবেশী মোতেজা বেগম বলেন, চালকলে দুর্ঘটনায় আহত মাত্র দুজন বেঁচে আছেন। তাঁদের সংসারটা যেন ভালোভাবে চলে, সে জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।

বয়লার বিস্ফোরণের ঘটনায় ২৪ এপ্রিল যমুনা অটো রাইস মিলের মালিক সুবোল ঘোষসহ তিনজনের বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বলেন, আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাঁদের ধরতে পুলিশ চেষ্টা করছে।