যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা...
তিন বছর আগে এসিডসন্ত্রাসের শিকার হয়েছেন তিনি। সহায়তা নিয়ে অস্ত্রোপচারের পর কিছুদিন ভালোই ছিলেন। এখন শরীরের ঝলসে যাওয়া বিভিন্ন স্থানে আবার অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। এ কারণে রাতে ঘুমাতে পারেন না। এক দিনমজুরের স্ত্রী তিনি। তাই উন্নত চিকিৎসা ও ওষুধ সেবনের সামর্থ্যও নেই তাঁর। এ অবস্থায় যন্ত্রণা শুরু হলে শুধু চোখের পানি ফেলেন তিনি। এই হতভাগ্য নারীর নাম বকুল বেগম (৪৮)। বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুর গ্রামে। তাঁর স্বামীর নাম খোরশেদ আলম খাঁ (৫৬)। জমি নিয়ে বিরোধের জের ধরে ২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাতে প্রতিপক্ষের ছোড়া এসিডে বকুল বেগম ও তাঁর স্বামী খোরশেদ আলমের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তবে বেশি ক্ষতি হয় বকুল বেগমের। পরদিন বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্ট্রের সহায়তায় তাঁকে ঢাকায় এসিড সারভাইভারস ফাউন্ডেশনে পাঠানো হয়। সেখানে তাঁর শরীরে বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হয়। ১০-১৫ দিন থাকার পর তিনি সেখান থেকে ফিরে আসেন।বকুল বেগম প্রথম আলোকে জানান, এসিডে তাঁর মাথা, চোখ, মুখ, পেটসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। বাঁ চোখে তিনি এখন কিছু দেখতে পারছেন না। অস্ত্রোপচারের সময় শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া-মাংস কেটে দগ্ধ হয়ে যাওয়া স্থানে লাগানো হয়েছে। এখন ঝলসে যাওয়া অঙ্গের সঙ্গে যে স্থান থেকে মাংস ও চামড়া কাটা হয়েছে, সেখানেও প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। প্রথমবার অস্ত্রোপচারের পর এসিড সারভাইভারস ফাউন্ডেশনে যাওয়ার জন্য বলা হয়েছিল এবং সেখানকার চিকিৎসকেরা উন্নতমানের ওষুধ সেবনের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু টাকা না থাকায় আর ওষুধ সেবন করা সম্ভব হয়নি। একই কারণে চিকিৎসার জন্য যাওয়া হয়নি ঢাকায়।বকুল বেগম আরও জানান, নিজের বলতে তাঁদের কিছুই নেই। তাঁদের একমাত্র মেয়ে মালেকা বেগমের বিয়ে হয়ে গেছে। জামাইয়েরও তাঁদের সহায়তা করার সামর্থ্য নেই। তাঁর স্বামী দিনমজুরি করে অনেক কষ্টে সংসার চালান।কোস্ট ট্রাস্টের এসিড-সহিংসতা প্রতিরোধবিষয়ক প্রকল্পের কর্মকর্তা আবদুল মান্নান জানান, প্রাথমিক অবস্থায় তাঁদের সহায়তাই এসিড সারভাইভারস ফাউন্ডেশনে নিয়ে বকুল বেগমকে চিকিৎসা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে বকুল বেগম ও তাঁর স্বামীর খোঁজ নেওয়া সম্ভব হয়নি। পরে বকুল বেগমের যন্ত্রণা হওয়ার খবর জানতে পেরে তাঁকে ঢাকায় যেতে বলা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর ই আলম জানান, সহায়তা পাওয়ার জন্য বকুল বেগমকে তাঁর কার্যালয়ে আবেদন করতে হবে।