চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাদেশ অনুযায়ী প্রতিটি বর্ষে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার ২৮ দিনের মধ্যে ফল প্রকাশ করার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষার ফলাফল তিন থেকে চার মাস দেরিতে প্রকাশিত হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। এতে নির্দিষ্ট সেমিস্টারে কেউ কোনো বিষয়ে পাস না করলে পুনঃ পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে না বলে শিক্ষার্থীরা বলছেন।
চুয়েটে একটি বর্ষে শিক্ষার্থীদের দুটি সেমিস্টার পড়তে হয়। প্রথম সেমিস্টারে পরীক্ষা শেষে দ্বিতীয় সেমিস্টার শুরু হয়। কোনো শিক্ষার্থী প্রথম সেমিস্টারের কোনো বিষয়ে পাস না করলে দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশের দুই সপ্তাহ পর পুনঃ পরীক্ষা (প্রথম সেমিস্টারে পাস না করা বিষয়ে) দেওয়ার সুযোগ পান। এটি ‘সেল্ফ স্টাডি’ পরীক্ষা নামে পরিচিত।
চুয়েটে মোট ১০টি বিভাগ রয়েছে। একজন শিক্ষার্থীকে স্নাতক (সম্মান) শেষ করতে আটটি সেমিস্টার পড়তে হয়। সঙ্গে চারটি সেল্ফ স্টাডির সুযোগ থাকে।
২০১২-১৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের ১৩০ জন শিক্ষার্থী এখন চতুর্থ বর্ষে পড়ছেন। তাঁদের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা হয়েছিল ২০১৫ সালের ডিসেম্বরে। ফল প্রকাশ না করে সাড়ে পাঁচ মাস পর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০১৬ সালের ৩০ জুন একসঙ্গে দুই সেমিস্টারের ফল প্রকাশিত হয়। এতে দেখা যায়, দুই সেমিস্টারের মোট ১০টি বিষয়ের প্রতিটিতে সর্বনিম্ন ১৩ জন থেকে সর্বোচ্চ ৭৫ জন পাস করতে পারেননি। হাতে গোনা কয়েকজন বাদে বাকি শিক্ষার্থীদের কেউ কেউ দু-তিন বিষয়ে আবার কেউবা সাত বিষয় পর্যন্ত অকৃতকার্য হয়েছেন। এ বিষয়গুলোর পুনঃ পরীক্ষা দিতে তাঁরা প্রস্তুতির সময় পেয়েছিলেন মাত্র তিন সপ্তাহ।
পুরকৌশল বিভাগের এক শিক্ষার্থী নাম না প্রকাশের শর্তে বলেন, ‘ফল প্রকাশের পর দেখি প্রথম সেমিস্টারে তিনটি বিষয়ে আর দ্বিতীয় সেমিস্টারে একটি বিষয়ে পাস করতে পারিনি। পরে খুব তাড়াহুড়ো করে এই পরীক্ষাগুলো দিতে হয়েছে। প্রথম সেমিস্টারের ফলাফল যথাসময়ে প্রকাশিত হলে দ্বিতীয় সেমিস্টারের সঙ্গে অকৃতকার্য বিষয়ের প্রস্তুতি নিতে পারতাম।’
পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান আবদুর রহমান ভূঁইয়া বলেন, শিক্ষকদের একাডেমিক ব্যস্ততার কারণে প্রথম সেমিস্টার ফলাফল প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। কিন্তু দ্বিতীয় সেমিস্টারের ফলাফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হচ্ছে।
পুরকৌশলের মতো একই অবস্থা কম্পিউটার প্রকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশলসহ অন্য বিভাগগুলোতেও। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি শেষ হয়েছে। তিন মাসেও ফলাফল বের হয়নি।
নাজমুস সাকিব নামের এক শিক্ষার্থী বলেন, নির্ধারিত সময়ে প্রথম সেমিস্টারের ফলাফল প্রকাশ পেলে একজন শিক্ষার্থী জানতে পারতেন তিনি কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছেন কি না। সে ক্ষেত্রে তিনি দ্বিতীয় সেমিস্টারের প্রস্তুতির সঙ্গে সঙ্গে ওই বিষয়েরও প্রস্তুতি নিতে তাঁর সুবিধা হতো।
ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, এখন থেকে নির্ধারিত সময়ে যাতে ফল প্রকাশ করা হয়, সে ব্যবস্থা নেওয়া হবে।
প্রথম সেমিস্টারের মতো শ্রেণি পরীক্ষার (ক্লাস টেস্ট) ফলাফলও ঠিক সময়ে প্রকাশ করা হচ্ছে না বলে চুয়েটের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন।
পরীক্ষার ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতার জন্য বিভিন্ন বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন চুয়েটের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবদুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা সবাই নিজ নিজ অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলেই ফল প্রকাশের দীর্ঘসূত্রতার সমাধান সম্ভব।