যন্ত্রণাই বিএনপিকে নির্বাচনমুখী করবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশে শহীদ ময়েজউদ্দিন সেতুর মাশুল আদায়কেন্দ্র পরিদর্শন করার সময় নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার প্রসঙ্গে কথা বলেন যোগাযোগমন্ত্রী। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী।
নরসিংদীর পলাশে শহীদ ময়েজউদ্দিন সেতুর মাশুল আদায়কেন্দ্র পরিদর্শন করার সময় নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার প্রসঙ্গে কথা বলেন যোগাযোগমন্ত্রী। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘গণতন্ত্রকে বাঁচাতে আমাদের মধ্যে একটি ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং (কর্ম সম্পর্ক) বজায় রাখতে হবে। এ জন্য সরকারি দল ও বিরোধী দলকে একত্রে কাজ করতে হবে। আর আমার যা মনে হয়, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার যে চাপ, যে অস্বস্তিকর যন্ত্রণা, সেটাই বিএনপিকে নির্বাচনমুখী করবে।’
আজ মঙ্গলবার সকালে নরসিংদীর পলাশ উপজেলার শহীদ ময়েজউদ্দিন সেতুর মাশুল আদায়কেন্দ্র পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশকে স্থিতিশীল রাখার স্বার্থে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া বাঁচিয়ে রাখতে হবে। আর আমাদের দেশের উন্নয়ন ও অর্জনকে বাঁচিয়ে রাখলেই গণতন্ত্র বেঁচে থাকবে।’
মন্ত্রী কিছুটা ক্ষোভের সঙ্গে বলেন, ‘ক্ষমতার শেষ বেলায় এসে সততার সঙ্গে কাজ করা অনেক কঠিন। এখন তদবিরকারীদের যে উপদ্রব, মন্ত্রণালয়ে বসে কাজ করা খুবই অসহ্য হয়ে উঠেছে। কিন্তু এটাই বাস্তবতা। তাই নতুন কোনো প্রকল্পের কাজ হাতে না নিয়ে চলমান কাজগুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও সড়কগুলো মেরামত করে মানুষের চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপ শুনতে খুব ভালো শোনায়। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে সংলাপটি আসলে সুখকর নয়। কারণ সংলাপ হতে হলে মনটা পরিষ্কার রাখতে হবে, উদ্দেশ্য সত্ থাকতে হবে। লোক দেখানো সংলাপ এখন মানুষ আর পছন্দ করে না। আমাদের মধ্যে একটি অশুভ তত্পরতা কাজ করছে। যেটি সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। গাড়ির ভেতরে মানুষ আটকে রেখে পুড়িয়ে মারছে। দেশকে অস্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে চাচ্ছে। কাজেই আমি মনে করি, এই অশুভ তত্পরতা আমাদের এখনই বন্ধ করতে হবে। এ জন্য গণতান্ত্রিক উপায়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের বিকল্প আছে বলে আমি মনে করি না।’

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার খ. মহিদ উদ্দিন, জেলা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. মোহর আলী, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, সড়ক ও জনপথের (সওজ) কর্মকর্তা ও ঠিকাদাররা।