যন্ত্রণাকর সুমির প্রতিটি মুহূর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তবু মুখে হাসি সুমির, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে  ছবি: প্রথম আলো
তবু মুখে হাসি সুমির, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ছবি: প্রথম আলো

ছোট্ট সুমির কাছে ঢাকা একটি হিংস্র নগর। ৩ নভেম্বর হরতালের দিন নেত্রকোনা থেকে বাসে দাদির সঙ্গে জীবনে প্রথমবার ঢাকা আসছিল নয় বছরের সুমি। গাজীপুরে সেই বাসটিতে আগুন ধরিয়ে দেন কয়েক যুবক। এতে দাদি-নাতনি দুজনই দগ্ধ হন। সেই থেকে প্রতিনিয়ত যন্ত্রণায় দগ্ধ হচ্ছে শিশুটি।

গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের দোতলায় সুমির বিছানার পাশে গিয়ে যথারীতি দেখা গেল ছটফট করছে সে। ‘জ্বলে মা, গা জ্বলতাছে। উফ্ফ! আম্মা!! বিষ বেদনায় ঘুমাইতে পারি না।’ মাথা, চুল, চোখ ও হাতে ব্যান্ডেজ। পাশেই কাতর সুমির দাদি রহিমা বেগম (৪৫)। আগুনে তাঁর শরীরে ওপরের অংশ—বুক, পিঠ, কাঁধ ও দুই হাত পুড়ে গেছে।

সুমির বাবা সুজন মিয়া জানান, নেত্রকোনার দুর্গাপুরের গণ্ডাবেড় গ্রামে বাবা-মায়ের সঙ্গেই সুমি থাকত। ঘটনার দিন নেত্রকোনা থেকে উত্তরা ৪ নম্বর সেক্টরে ফুফুর বাড়িতে আসছিল সুমি আর রহিমা। ওই বাসটি গাজীপুরে আসার পর কয়েকজন যুবক তাতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে তাঁরা নেত্রকোনা থেকে আসেন। এখন ১৮ দিন ধরে হাসপাতালের বারান্দাতেই কাটছে সুজন মিয়া আর স্ত্রী রুবিনা বেগমের দিন। সঙ্গে সুমির ছোট বোনটিকেও থাকতে হচ্ছে। সুজন মিয়া বলেন, ‘ঢাহা আওনের শখ মিইটা গ্যাছে। ডাক্তার সাব যদি কিছু ভালা-মন্দ কইত, তো মা-মেয়েরে লইয়া বাড়িত যাইতাম।’ সুমির মা রুবিনা বেগম চিন্তিত মেয়ের জীবন নিয়ে। তিনি বলেন, ‘মাইয়ার চেহারার মধ্যে দাগ থাকি যাইব নাকি? হেই এলা বিয়্যা দিমু ক্যামনে?’

বার্ন ইউনিটের পরিচালক সামন্ত লাল সেন জানান, সুমির ১২ শতাংশ পুড়ে গেছে। শিশুদের ১০ শতাংশ পুড়লেই জীবনহানি হতে পারে। তবে সুমি বর্তমানে আশঙ্কামুক্ত।