যন্ত্রণায় কাতর শিশুটি

ফুটফুটে শিশু সুমাইয়া। বয়স মাত্র পাঁচ মাস। এতটুকু বয়সেই প্রচণ্ড যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। শিশু সুমাইয়ার বাবা মো. সোরত আলী জানান, জন্মের পর বাচ্চাটির পায়ুপথের কাছে উঁচু মাংসপিণ্ড দেখা দেয়। দিনে দিনে এটি আরও বড় হয়ে উঠেছে। এ কারণে স্বাভাবিকভাবে মলত্যাগও করতে পারছে না সে।
সোরত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, সুমাইয়ার শরীরে জরুরিভাবে অস্ত্রোপচার করা প্রয়োজন। সব মিলিয়ে তার চিকিৎসায় খরচ হবে প্রায় দুই লাখ টাকা।
সুমাইয়ার বাবা জানান, মেয়ের চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এখন অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসাব্যয় মেটানো তাঁর পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহায়তাপ্রত্যাশী তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা: সোরত আলী, হিসাব নম্বর-২৬০৭৯, সোনালী ব্যাংক, কালিয়াকৈর শাখা, গাজীপুর।