যন্ত্রণায় ছটফট করছে শিশুটি
পিরোজপুর সদর হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছে প্রায় সাড়ে তিন মাসের শিশু ছোঁয়া। তার ঊরুতে দগদগে ঘা। শিশুটির মা হাসি আক্তার বলেছেন, তাঁর শাশুড়ি শিশুটিকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছেন।
হাসির পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৮ আগস্ট সদর উপজেলার ভৈরমপুর গ্রামের শাহ আলম খানের ছেলে বাহরাইনপ্রবাসী শফিক খানের সঙ্গে একই উপজেলায় পান্তাডুবি গ্রামের ফয়জুল হকের মেয়ে হাসি আক্তারের বিয়ে হয়। বিয়ের দুই মাস পরে শফিক বাহরাইনে চলে যান। বিয়ের পর শাশুড়ি হাসিকে সন্তান নিতে নিষেধ করেন। কিন্তু বিয়ের পরপরই হাসি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। একপর্যায়ে শাশুড়ি মুরফিয়া বেগম হাসিকে গর্ভপাত করাতে বলেন। এতে তিনি রাজি হননি। গত জুনে ছোঁয়ার জন্ম হয়। এরপর থেকে মুরফিয়া বেগম নাতির জন্ম-পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। হাসির সঙ্গে শাশুড়ির মনোমালিন্য হয়। গত বুধবার সকালে হাসিকে তাঁর স্বামীর বড় বোন সনিয়া আক্তার মুঠোফোনে কল করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ডেকে নেন। দুপুর ১২টার দিকে মুরফিয়া ছোঁয়াকে কোলে নিয়ে রান্নাঘরে যান। এরপর গরম খুন্তি দিয়ে ছোঁয়ার ডান পায়ের ঊরুতে ছ্যাঁকা দেন। এ ঘটনায় হাসি শাশুড়িকে গালমন্দ করেন। এতে মুরফিয়া বেগম ক্ষুব্ধ হয়ে দা দিয়ে হাসির মাথার কিছু চুল কেটে ফেলেন। একপর্যায়ে হাসি শিশুকে নিয়ে পালিয়ে বাবার বাড়ি চলে যান। বুধ ও বৃহস্পতিবার হাসি আক্তার ছোঁয়াকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাবার বাড়ি নিয়ে যান। ছোঁয়ার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার বিকেলে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক অনিক দেউড়ি বলেন, ‘শিশুটির ঊরুতে ক্ষত দেখে মনে হয়েছে, লোহাজাতীয় গরম ধাতু দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়েছে।’
পিরোজপুর সদর থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় গতকাল শনিবার হাসির বাবা ফয়জুল হক বাদী হয়ে মুরফিয়া বেগম ও তাঁর বড় ছেলে রফিক খানের স্ত্রী সনিয়া আক্তারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সনিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে। মুরফিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।