যন্ত্রণার জীবনে বেঁচে থাকাই আনন্দ
এক বছর আগেও ঈদের সময় দম ফেলার ফুরসত পেতেন না হারিস। নিজ হাতে বুনতেন জামদানি। তারপর সেই জামদানি নিয়ে নিজেই আসতেন ঢাকার বড় বড় বিপণিবিতানে। এখন অখণ্ড অবসর। পেট্রলবোমায় পোড়া হাতদুটো অচল হয়ে আছে।
পেট্রলবোমায় দগ্ধ কয়েকজনের কথা
চলতি বছরের ২৩ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জোটের আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছিলেন ২৮ জন। তাঁদেরই একজন হারিস। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে।
ওই দফায় পেট্রলবোমা হামলায় ১৮৩ জন দগ্ধ হয়েছিলেন। যাঁরা বেঁচে আছেন তাঁদের দীর্ঘ মেয়াদে চিকিৎসার প্রয়োজন। কিন্তু দগ্ধ মানুষেরা নিয়মিত চিকিৎসা নিতে পারছেন না। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসকেরা বলেন, নিয়মিত চিকিৎসা নিতে এখনো আসছেন এমন রোগীর সংখ্যা ২৫ ভাগের বেশি হবে না।
ঈদ সামনে রেখে এই দগ্ধদের কয়েকজনের সর্বশেষ পরিস্থিতি জানার জন্য যোগাযোগ করা হলেও কারও আলোচনায়, কথাবার্তায় ঈদের প্রসঙ্গটি তেমন গুরুত্ব পায়নি। কয়েকজন বলেছেন, বেঁচে যে আছেন এটাই তাঁদের আনন্দ। তবে সবার মধ্যে উদ্বেগ ভবিষ্যৎ নিয়ে।
গতকাল বুধবার রূপগঞ্জের হারিস প্রথম আলোকে বলেন, ‘এক একটা শাড়ি বানাতাম, ২০-৩০ হাজার টাকায় বিক্রি হতো। এখন অন্যের বানানো শাড়ি দু-একটা করে বেচি। তিন-চার শ টাকা পাই। তাও সব সময় পারি না। এখন তো ঘরের বাইরেই যাইতে পারি না। রইদে গেলে গা পুড়ে যায়।’
তিন সন্তানের বাবা হারিস এখন শ্বশুরবাড়িতে এসে উঠেছেন। বড় দুই সন্তানের লেখাপড়াটা কোনো রকমে চালিয়ে নিচ্ছেন। অর্থসংকটে ছোটটিকে স্কুলে দিতে পারেননি।
হারিস ওই রাতের কথা কখনো ভুলতে পারেন না। তিনি মনে করেন, ‘কবরের আজাব ভোগ করে ফেলেছেন।’ আবার কখনো কখনো নিজেকে এই বলে সান্ত্বনা দেন যে তাঁর সহযাত্রীদের অনেকেই নেই। তাঁরা যন্ত্রণায় জ্বলে-পুড়ে মারা গেছেন। তিনি অন্তত বেঁচে তো আছেন।
ঘুম হয় না হাতিয়া ইউনিয়ন মডেল স্কুলের শিক্ষক শামসুন্নাহার বেগমেরও। ঢাকার মিরপুরের কাজীপাড়ায় ছেলেকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। যানজটে আটকে থাকা অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। মা-ছেলে দুজনেই দগ্ধ হয়েছিলেন। হাসপাতাল ছাড়ার পরও রাতে ঘুমাতে পারতেন না। চিকিৎসকদের পরামর্শে শেষ পর্যন্ত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যেতে হয়। এখনো হাত মুড়তে পারেন না। ব্যথায় টনটন করে। তবু হাতিয়ায় নিজের বাড়িতে, সন্তানের মতো ছাত্রছাত্রীর কাছে পৌঁছাতে পেরে স্বস্তি পেয়েছেন।
সাত মাস পর গত আগস্টে যেদিন প্রথম স্কুলে গিয়েছিলেন সেদিনটির কথা কখনো শামসুন্নাহার ভুলতে পারবেন না বলে জানান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি স্কুলে পৌঁছাতেই ছেলেমেয়েরা আমাকে ঘিরে ধরল। ওদের দেখে কষ্টের কথা ভুলে গিয়েছিলাম। হাত চলে না, তারপরও প্রধান শিক্ষকের অনুরোধে প্রতিদিন স্কুলে যাই। যতক্ষণ স্কুলে থাকি ভালো লাগে।’
শামসুন্নাহার বেগমের ছেলে তানজিমুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আট মাস আগে পুড়েছেন, এখনো নিয়মিত সাভারের সিআরপিতে চিকিৎসা নেন। অন্য অনেকের চেয়ে তানজিম ভালো আছেন বলে মনে করেন। তিনি বলেন, ‘আমার মতো অনেকেই এখনো সিআরপিতে যান ফিজিওথেরাপি নিতে। আমি নিজ হাতে লিখে তৃতীয় বর্ষের পরীক্ষা দিয়েছি। কত মানুষকে দেখি হাত শক্ত হয়ে এঁটে গেছে। নাড়াতে পারেন না একটুও। কত মানুষ মারা গেলেন, কতজন পঙ্গু হয়ে গেলেন। তাঁদের চেয়ে তো আমি ভালো আছি।’
কেউ কেউ অবশ্য জীবনটাকে আজকাল বোঝা মনে করেন। মাগুরার মুগির ঢাল এলাকায় মাটি কাটার কাজ শেষে ২৩ মার্চ নাজমুল মালিকগ্রামের বাড়িতে ফিরছিলেন। সঙ্গে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন মিলে আটজনের ছোটখাটো একটা দল। সবাই শ্রমিক। শ্রান্ত দেহটা সবেমাত্র ট্রাকে এলিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আগুন। শরীরের ২০ ভাগ পোড়ে নাজমুলের, লাফ দিয়ে নামতে গিয়ে পা-টাও ভেঙে যায়। মারা যান মতিন, শাকিল, ইয়াদুল, ইমরান। নাজমুল দুই সন্তানের বাবা। কোনো কাজ আর করতে পারেন না। প্রথম আলোকে তিনি বলেন, ‘বেচিকিনি সব খেয়ে ফেলায়েছি। এখন আর বেচপার মতোও কিছু নেই। বুড়ো বাপটা ঢাকায় রিকশা চালায়। সেই টাকায় সংসার চলে। যারা মারা গিছে তারা একদিক থেকে বেঁচে গেছে।’
দগ্ধদের সঙ্গে কথাবার্তা বলে জানা গেছে, তাঁরা আসলে নিয়মিত ঢাকায় এসে চিকিৎসা করাতে অক্ষম। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১৯ বছরের তরুণ নিরঞ্জন। চারটি অস্ত্রোপচার হয়েছে। আরও অস্ত্রোপচার বাকি। প্রধানমন্ত্রীর কাছ থেকে যে অর্থ০সহায়তা পেয়েছিলেন, তা ভেঙে ভেঙে জীবন চলছে বাবা-ছেলের। সামনে কী আছে জানেন না। কথাবার্তার শেষ পর্যায়ে জানতে চাইলেন, ঢাকায় গিয়ে চিকিৎসা করাতে এখন টাকাপয়সা লাগবে কি না। কত লাগতে পারে।
কেউ কেউ মনে করেন, সমাজ এখন তাদের অচ্ছুত মনে করে। ময়মনসিংহে পেট্রলবোমায় দগ্ধ হওয়া ইজিবাইকচালক সিদ্দিক এদের একজন। ৫ মার্চ তাঁর ইজিবাইকটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রথম আলোকে সিদ্দিক বলেন, ‘আমি এক জায়গায় খেতে বসেছিলাম। চারটে লোক ছিল আমার পাশে। আমাকে দেখে উঠে গেল।’ সিদ্দিক একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। গাড়ি আর চালাতে পারেন না এখন। তিনি চান আগুনে পোড়া মানুষদের জন্য কাজ করতে। সিদ্দিক বলেন, অনেকে মনের দিক থেকেও পঙ্গু হয়ে আছেন। তাঁদের উজ্জীবিত করতে সরকার অগ্নিদগ্ধদের কাজে লাগাতে পারে।