যন্ত্রণাহীন মৃত্যুর জন্য প্রশমনসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের একটা উল্লেখযোগ্য অংশ আর কখনো সুস্থ জীবনে ফিরে আসতে পারে না। চিকিৎসকেরাও এদের জীবনের আশা ছেড়ে দেন। শরীর ও মনে যন্ত্রণা নিয়ে এরা মৃত্যুর জন্য অপেক্ষা করে। চিকিৎসাবিজ্ঞানের মতে, যন্ত্রণাহীন মৃত্যুর জন্য এদের দরকার প্রশমনসেবা বা পেলিয়েটিভ কেয়ার। বাংলাদেশে এখন অন্তত ছয় লাখ রোগী আছে, যাদের এই সেবা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বব্যাপী ক্যানসার বা প্রাণঘাতী অন্যান্য দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষের জন্য প্রশমনসেবা জরুরি মানবিক প্রয়োজন। অনেক দিন ধরে রোগে ভুগছে এবং আরোগ্য লাভের আর কোনো সুযোগ নেই, এমন রোগীর জন্য এই সেবা প্রয়োজন। প্রশমনসেবা যন্ত্রণা বা অন্যান্য হতাশাজনক উপসর্গ থেকে মানুষকে মুক্ত করে। এ ধরনের সেবা দেওয়ার জন্য দেশে এখন চিকিৎসক আছেন মাত্র ১২ জন। তাঁরা বিভিন্ন হাসপাতালে প্রশমনসেবা দিয়ে থাকেন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশমনসেবা ওয়ার্ডে সেবা নিচ্ছে পটুয়াখালীর বাসেত (১৭)। বিশেষ ধরনের ক্যানসারে আক্রান্ত সে। মা শাহনা বেগম ও বাবা শাজাহান হাওলাদার জানেন, বাসেতের আর আশা নেই। বাসেত কথা বলতে পারে না। তাকে নল দিয়ে খাওয়ানো হয়। কর্তব্যরত চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘বাসেত ভালো হবে না, আমরা জানি। এখন ওর যন্ত্রণা কমানোর চেষ্টাই আমরা করছি। আমরা চাচ্ছি ওর মৃত্যুটা অন্তত যন্ত্রণাহীন হোক।’মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেলিয়েটিভ কেয়ার সার্ভিস প্রকল্পের পরিচালক নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কিশোর, বৃদ্ধসহ সব বয়সী মানুষেরই প্রশমনসেবা দরকার হয়। আরোগ্যের সুযোগ নেই—এটা নিশ্চিত হওয়ার পরও মানুষের মনে বাঁচার সুপ্ত আকাঙ্ক্ষা থাকে। সেসব মানুষের শারীরিক, মানসিক, আত্মিক যন্ত্রণা দূর করার জন্য সেবা দেওয়া হয় এই ওয়ার্ডে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বছরজুড়ে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ নানা রোগে মারা যায়। এদের মধ্যে তিন কোটি ৫০ লাখ মানুষের প্রশমনসেবা দরকার। নিজামউদ্দিন আহমেদ বলেন, সঠিক পরিসংখ্যান না থাকলেও বাংলাদেশে প্রায় ছয় লাখ মানুষের এখন পেলিয়েটিভ কেয়ার দরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে প্রয়োজনের তুলনায় প্রশমনসেবায় প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্সের অভাব আছে। এ ব্যাপারে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোহাম্মদ সহীদুল্লা বলেন, সারা দেশে প্রশমনসেবার চিকিৎসক মাত্র ১২ জন। তাঁদের মধ্যে পাঁচজন এ বিষয়ে সার্বক্ষণিক চিকিৎসার সঙ্গে জড়িত। বাকি সাতজন খণ্ডকালীন। নিজামউদ্দিন আহমেদ বলেন, প্রশমনসেবা বা পেলিয়েটিভ কেয়ার চিকিৎসাবিজ্ঞানের নতুন শাখা। ‘পেলিয়েটিভ কেয়ার সার্ভিস’ প্রকল্প হিসেবে ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ে এই সেবা চালু হয়। এখন নারী-পুরুষের জন্য পৃথক দুটি ওয়ার্ড ছাড়াও বহির্বিভাগে রোগী দেখা হয়। তিনজন চিকিৎসক ও ছয়জন নার্স এই বিভাগে কর্মরত। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় এ জনবল খুবই কম।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‘প্রশমনসেবা জীবনের নিশ্চয়তা ঘোষণা করে এবং মৃত্যুকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে স্বীকৃতি দেয়।’ এই সেবা মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে সক্রিয় থাকতে সহায়তা করে। চিকিৎসকেরা বলছেন, এই চিকিৎসার আওতায় বেদনানাশক ওষুধ ব্যবহার করা হয়। পাশাপাশি রোগীকে মানসিক, মনস্তাত্ত্বিক ও আত্মিকভাবে সহায়তা করা হয়। রোগীর পরিবারের সদস্যদেরও এই চিকিৎসার আওতায় নেওয়া হয়। নিজামউদ্দিন আহমেদ ও অন্য চিকিৎসকেরা জানালেন, বাসেতসহ অন্যান্য রোগীর পরিবারের সদস্যদের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। এই ওয়ার্ডের কোনো রোগী বাঁচবে না—সবাই তা জানেন। যন্ত্রণাহীন মৃত্যুর জন্য তাঁরাও চিকিৎসকদের সঙ্গে সহায়তা করছেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সেবার চাহিদা আছে। প্রশমনসেবার বিষয়ে সরকারের নীতি গ্রহণ করা এবং মূল ধারার স্বাস্থ্যসেবার সঙ্গে একে যুক্ত করা দরকার। একই সঙ্গে প্রশিক্ষিত জনবল ও অবকাঠামো তৈরি করতে হবে। আজ আন্তর্জাতিক সম্মেলন শুরুআজ শুক্রবার থেকে ঢাকায় প্রশমনসেবা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে। ঢাকায় এ ধরনের সম্মেলন এটাই প্রথম এবং আন্তর্জাতিকভাবে দ্বিতীয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই সম্মেলনের আয়োজন করেছে। আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রায় ৩০০ চিকিৎসক এই সম্মেলনে যোগ দিচ্ছেন। দেশি-বিদেশি ২৮টি বৈজ্ঞানিক প্রবন্ধ এই সম্মেলনে উপস্থাপন করা হবে।