যন্ত্রণায় কাতর মারজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ গালের এক পাশে ধারালো অস্ত্রের চওড়া জখম। জখম গিয়ে ঠেকেছে বাঁ চোখে। তুলা দিয়ে চোখটি ঢাকা। মুখ, মাথা, গলা, পিঠসহ সারা শরীরে আঘাতের চিহ্ন। কষ্টে-বেদনায় আরেক চোখও বন্ধ করে মাঝে মাঝে কুঁকড়ে উঠছিলেন তিনি।
রাজধানীর ওয়ারী থানা এলাকার গৃহবধূ মারজান আক্তার (১৯)। যৌতুক না দেওয়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়ে আজ তাঁর করুণ দশা। গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গেলে মারজানের স্বজনেরা প্রথম আলোর কাছে নির্যাতনের বর্ণনা দেন।
মারজানের ভাই রনি ব্যাপারী প্রথম আলোকে বলেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে মারজান সবার ছোট। তাঁরা ওয়ারী থানা এলাকার টিপু সুলতান রোডের এক বাসায় থাকেন। নয় মাস আগে মারজানের সঙ্গে ফুফাতো ভাই আরিফ শেখের কাবিন সম্পন্ন হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে মারজানকে ঘরে তোলা হয়নি। তাই মারজান বাবার বাড়িতেই থাকতেন।
রনি বলেন, কাবিনের পর থেকেই যৌতুকের দাবিতে মারজানের ওপর চাপ বাড়াতে থাকেন আরিফ। তাঁর সঙ্গে প্রায় সময়ই দুর্ব্যবহার করতেন। এ ছাড়া অন্য নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে আরিফের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিবাদ করলেই মারজানকে প্রায় সময় মারধর করতেন আরিফ। সম্প্রতি আরিফ বাবার বাড়ি থেকে ৫০ লাখ টাকা এনে দিতে মারজানের ওপর চাপ প্রয়োগ করেন। এতে রাজি হননি মারজান। ৪ জুলাই বাড়িতে উপস্থিত হন আরিফ। রাতে থেকে যান। কিন্তু গভীর রাতে বঁটি দিয়ে মারজানকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান তিনি।
রনি বলেন, রক্তাক্ত অবস্থায় মারজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাঁ চোখে আঘাত পাওয়ায় তাঁকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। রনি বলেন, সারা শরীরে আঘাত ছাড়াও বাঁ চোখের পাশের হাড় ভেঙে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় ওয়ারী থানায় আরিফের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ তাঁকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
মারজানের পরিবারের অভিযোগ সম্পর্কে আরিফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অবশ্য গতকাল দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান থেকে মারজানকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জাতীয় চক্ষু বিজ্ঞানের ছাড়পত্রে লেখা হয়েছে, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হলো।
জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত চলছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।