মাথার যন্ত্রণায় রোগী তখনো ছটফট করছেন। থেমে থেমে বমি করছেন। এর পরও রোগীকে ছাড়পত্র দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়েছে বলে অিভযোগ করেছেন রোগীর ভাই৷ গতকাল বুধবার বেলা তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
এ রোগীকে নিয়ে তাঁর স্বজনেরা রাত নয়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান করেন৷ এত সময় রোগী যন্ত্রণায় কাতরাচ্ছিলেন৷ রোগীর অবস্থা বেগতিক দেখে জরুরি বিভাগের চিকিৎসকেরা আবার তাঁকে হাসপাতালে ভর্তি করেন৷
ওই রোগীর নাম খাদিজা বেগম (৩৫)। তিনি রংপুর নগরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা৷ এলাকায় মারামারির ঘটনায় তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন৷ গত সোমবার চিকিৎসা নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি হন।
গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সরেজমিনে দেখা যায়, জরুরি বিভাগের সামনে বারান্দায় ওই নারীকে ঠেকিয়ে ধরে বসে আছেন তাঁর ভাই রহমান মিয়া৷ রোগী যন্ত্রণায় কাতরাচ্ছেন। খাদিজার স্বামী লুৎফর রহমানও শারীরিকভাবে অসুস্থ৷ তাই তিনি স্ত্রীর সঙ্গে হাসপাতালে আসতে পারেননি।
রহমান মিয়া অভিযোগ করেন, চিকিৎসায় বোনের অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ার পরও তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বেলা তিনটার দিকে তাঁকে ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়৷ এ অবস্থায় বোনকে নিয়ে তিনি বিপদে পড়েন৷ খাদিজা মাথায় আঘাত পেয়েছেন, চিকিৎসা না হলে অবস্থা ভয়াবহ হবে৷ তবে কী কারণে খাদিজাকে এভাবে বের করে দেওয়া হলো, এর কারণ রহমান বলতে পারেনিন।
এ ব্যাপারে সার্জারি ওয়ার্ডের চিকিৎসক সহকারী রেজিস্ট্রার ধীমান চন্দ্র বলেন, ‘এই ওয়ার্ডে রোগীর চাপ বেশি থাকায় তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তাঁর অবস্থা তেমন গুরুতর নয়৷’
রাত নয়টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক শামীম কবীর বলেন, খাদিজা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আবার ভর্তি করা হয়েছে৷ তাঁকে নিউরোসার্জারি বিভাগের (১৮ নম্বর ওয়ার্ড) ৫৩ নম্বর শয্যায় রাখা হয়েছে৷
এ ঘটনার পর ধীমান চন্দ্রের সঙ্গে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, রোগী অসুস্থ হলে আবার হাসপাতালে ভর্তি হতে পারেন৷ তবে ওই সময় তিনি সুস্থ ছিলেন৷