যন্ত্রণায় কাতরাচ্ছেন অগ্নিদগ্ধ ইপি
অর্থের অভাবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গ্রামের গৃহবধূ অগ্নিদগ্ধ ইপি বেগম প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। অটোরিকশাচালক রিয়াজ মিয়ার স্ত্রী ইপি (২৮) গত বছরের ১৮ ডিসেম্বর খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অসাবধানতাবশত আগুন লেগে তাঁর পুরো শরীর পুড়ে যায়। তিন সন্তানের জননী ইপির শরীরের ক্ষত এখনো শুকায়নি। এখন বাড়িতে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি।রিয়াজ মিয়া জানান, স্ত্রীর চিকিৎসায় সাহায্যের জন্য তিনি মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছেন। মঠবাড়িয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য ইপিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। অটোরিকশা চালিয়ে পাঁচ সদস্যের পরিবারের খাবার জোগাতেই তিনি হিমশিম খাচ্ছেন। স্ত্রীকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর সাধ্য তাঁর নেই। তাই বাড়িতে রেখে স্থানীয় একজন চিকিৎসা সহকারীকে দিয়ে চিকিৎসা করাচ্ছেন।রিয়াজ বলেন, ‘আত্মীয়স্বজনের কাছে হাত পেতে স্ত্রীর চিকিৎসায় প্রায় দেড় লাখ টাকা খরচ করেছি। তার পরিচর্যায় সময় দেওয়ায় ঠিকমতো অটোরিকশা চালাতে পারছি না।’ইপি বেগম বাঁচার আকুতি জানিয়ে বলেন, ‘কেউ আমার চিকিৎসার ব্যবস্থা করে দিলে তিনটি সন্তান মায়ের স্নেহবঞ্চিত হবে না।’ইপি স্থানীয় চিকিৎসা সহকারী জিকে গোলদারের চিকিৎসা নিচ্ছেন। ওই চিকিৎসক বলেন, ‘টাকার অভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে ইপি আমার কাছে এসেছেন। তাই মানবিক কারণে তাঁকে চিকিৎসা দিচ্ছি। ইপিকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা করানো দরকার।’গুলিসাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে ইপি বেগম মৃত্যুর প্রহর গুনছেন। দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা ছাড়া তাঁকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো দরিদ্র পরিবারটির পক্ষে সম্ভব নয়।