যন্ত্রণায় কাতরাচ্ছেন অগ্নিদগ্ধ তহমিনা
বাবার কুঁড়েঘরের বারান্দায় বিছিয়ে রাখা কলাপাতার ওপর শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তহমিনা আক্তার (২৮)। তাঁর শরীরের কোমর থেকে মাথা পর্যন্ত পুড়ে গেছে। প্রচণ্ড ব্যথায় নড়াচড়াও করতে পারেন না। অর্থের অভাবে উন্নত চিকিৎসাও দিতে পারছে না তাঁর পরিবার। তহমিনা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের খামারপাড়া-পাথরাপাড়া গ্রামের তসলিম উদ্দিনের মেয়ে।তহমিনার পরিবারের অভিযোগ, তাঁর স্বামী জসিম উদ্দিন শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। গত ৩১ অক্টোবর রাতে চট্টগ্রাম শহরের আকবর শাহ মাজারসংলগ্ন কবরস্থানের পাশে জসিম উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর তহমিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁর বাবা তসলিম উদ্দিন তাঁকে গত শুক্রবার বাড়িতে নিয়ে আসেন।তসলিম উদ্দিন জানান, ১৯৮৫ সালে তিনি তাঁর স্ত্রী, দুই মেয়ে তহমিনা আক্তার ও লাইজু আক্তারকে নিয়ে চট্টগ্রাম শহরে যান। সেখানে তিনি নাসিরাবাদের চন্দননগর বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতেন ও রিকশা চালিয়ে সংসার চালাতেন। বড় হওয়ার পর তাঁর দুই মেয়ে পোশাক কারখানায় চাকরি নেন। তহমিনা চট্টগ্রাম শহরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ২০০৮ সালে চট্টগ্রাম শহরের সালাম অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানার ম্যাকানিকস জসিম উদ্দিনের (৪০) সঙ্গে তহমিনার বিয়ে হয়।তহমিনার অভিযোগ, সাংসারিক বিষয় নিয়ে ৩১ অক্টোবর রাতে ঝগড়ার একপর্যায়ে তাঁর স্বামী কেরোসিন ঢেলে তাঁর শরীরে আগুন ধরিয়ে দেন। এতে তাঁর কোমর থেকে মাথা পর্যন্ত পুড়ে যায়। পরে তাঁর আর্তনাদ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তসলিম উদ্দিন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তহমিনার সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। এ কারণে গত শুক্রবার তিনি তহমিনাকে পার্বতীপুরে তাঁর বাড়িতে নিয়ে আসেন।তহমিনার স্বামী জসিম উদ্দিন দাবি করেন, এটি একটি দুর্ঘটনা। তিনি তাঁর স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেননি। মশার কয়েল থেকে মশারিতে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে।পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সোমবার বিকেলে তহমিনাকে দেখতে ওই বাড়িতে আসেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য সোমবারই তহমিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল চট্টগ্রাম শহরের পাহাড়তলী থানা এলাকায় হওয়ায় এ ব্যাপারে তিনি কোনো আইনানুগ ব্যবস্থা নিতে পারছেন না।