যন্ত্রণায় কাতরাচ্ছেন ইজিবাইকচালক মুসা
মুখমণ্ডল ছাড়া পুরো শরীরে ব্যান্ডেজ নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন চট্টগ্রামের ইজিবাইক চালক মো. মুসা। পাশে বসে থাকা উদ্বিগ্ন মা কাঁদছেন, ভাইয়ের মুখে ভাইকে বাঁচানোর আকুতি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল মঙ্গলবার দেখা যায় এ দৃশ্য। চট্টগ্রামে গত সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে ইজিবাইকের পাশাপাশি মুসার গায়েও পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটজনক হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।গতকাল বিকেলেও মুসার শারীরিক অবস্থার উন্নতির কোনো খবর জানাতে পারেননি বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকেরা। বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘মুসার অবস্থা খুব সংকটাপন্ন। সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।’মুসার শয্যার পাশে থাকা তাঁর কলেজপড়ুয়া ভাই মো. হানিফ জানান, সোমবার চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় ইজিবাইক (ব্যাটারিচালিত যান) নিয়ে বাহাত্তরপুলে যাচ্ছিলেন মুসা। নূরনগর হাইজিং সোসাইটির সামনে একদল যুবক প্রথমে তাঁর ইজিবাইক জ্বালিয়ে দেয়। তারপর তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় ওই দুর্বৃত্তরা। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট থেকে সোমবার রাত ১২টার দিকে মুসাকে ঢাকায় আনা হয়। চট্টগ্রামের চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখার পরামর্শ দিয়ে পাঠালেও সেখানে শয্যা খালি না থাকায় তাঁকে রাখা হয়েছে হাই ডিপেনডেন্সি ইউনিটে।হানিফ বারবার তাঁর ভাইকে বাঁচানোর জন্য কাকুতি-মিনতি করছিলেন। তিনি জানান, ১০ সদস্যের পরিবারে মুসাই বড় এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা মো. মন্নাফ অচল।মুসার মা. সখিনা বানু সারাক্ষণ কাঁদছিলেন আর বলছিলেন, ‘আমার ছেলেকে বাঁচাও, আল্লাহ।’মুসাকে অগ্নিদগ্ধ করার ঘটনায় চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলা হয়েছে। যোগাযোগ করা হলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল বণিক গতকাল বিকেলে বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে চেষ্টা চলছে। পেটের দায়েই মুসা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। গতকাল সকালে পুলিশ সদস্যরা দুই হাজার টাকা তুলে তাঁর পরিবারের কাছে পৌঁছে দিয়েছে।অগ্নিদগ্ধ জোছনা বেগম মারা গেছেন: রাজধানীর মিরপুরের ১৩ নম্বর সেকশনে ঘরে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ জোছনা বেগম বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা গেছেন। এর আগে তাঁর ছেলে মারুফ ও বৃষ্টি মারা যায়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন জোছনার স্বামী মোতাহার হোসেনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।পুলিশ বলেছে, মোতাহার ও জোছনা দুই সন্তান নিয়ে যে ঘরে থাকতেন, সেটিতে গ্যাস জমে গিয়েছিল। গ্যাসের চাপে প্রথমে দেয়াল ধসে পড়ে। পরে বৈদ্যুতিক সুইচ থেকে স্ফুলিঙ্গ সৃষ্টি হলে আগুন ধরে যায়।