যন্ত্রণায় ছটফট করছেন শেফালী বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে ক্ষুব্ধ স্বামী ও শ্বশুর শেফালী বেগমকে জবাই করে হত্যার চেষ্টা চালান। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। ছয় মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও পুরোপুরি সুস্থ হননি।শেফালীর (১৯) গলায় অস্ত্রোপচারের খরচ ৮০ হাজার টাকা সংগ্রহ করতে পারছে না তাঁর গরিব পরিবার। যন্ত্রণায় নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে মেয়েটি। আর অভিযুক্ত স্বামী ও শ্বশুর জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেওয়ার জন্য শেফালীর পরিবারকে হুমকি দিচ্ছেন বলে শেফালীর পরিবারের অভিযোগ। ঘটনাটি শরীয়তপুর সদর উপজেলার কোয়ারপুর দপ্তরীকান্দি গ্রামের।শরীয়তপুর সদর থানা, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩ ফেব্রুয়ারি কোয়ারপুর দপ্তরীকান্দি গ্রামের দিনমজুর আবুল হোসেন খানের মেয়ে শেফালী বেগমের বিয়ে হয় ওই গ্রামের জলিল খলিফার ছেলে ফারুক খলিফার সঙ্গে। বিয়ের কিছুদিন পর শেফালীর পরিবারের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন ফারুক। টাকা দিতে না পারায় শেফালীকে প্রায়ই নির্যাতন করা হতো। ক্ষুব্ধ স্বামী ও শ্বশুর গত বছরের ২৬ ডিসেম্বর দুপুরে ঘরে আটকে শেফালীকে জবাই করার চেষ্টা চালায় ও মৃত্যু হয়েছে ভেবে তাঁকে বাড়ির পাশে ফেলে রেখে দেন।প্রতিবেশীরা উদ্ধার করে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয় মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন শেফালী। সেখানে দুবার শেফালীর গলায় অস্ত্রোপচার করা হয়। খাদ্যনালি কেটে যাওয়ায় পাইপের সাহায্যে শেফালীকে তরল খাবার খাওয়ানো হয়। ঘটনার পর থেকে তিনি কথা বলতে পারেন না। গলার নিচ দিয়ে পাইপের সাহায্যে শ্বাস নিতে হয়। শেফালীর সুস্থতার জন্য আরেকটি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরের ভেতরে স্থাপন করা পাইপ অপসারণ করতে হবে। আরও এক মাস আগেই এই অস্ত্রোপচারের কথা ছিল। শেফালী বর্তমানে দপ্তরীকান্দিতে তাঁদের বাড়িতে আছেন।শেফালীর মা সাহেরা বেগম বলেন, ‘পাষণ্ডরা টাকার জন্য আমার মেয়েকে জবাই করে হত্যা করতে চেয়েছিল। মৃত্যুর সঙ্গে লড়ে সে এখনো বেঁচে আছে। চোখের সামনে মেয়েটি যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু আমরা কিছুই করতে পারছি না। আমার মেয়ে এখন শুধু চোখের জল ফেলে যাচ্ছে।’ শেফালীর বাবা আবুল হোসেন খান বলেন, ‘আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে মেয়ের বিয়ে দিয়েছি। মেয়ের চিকিৎসা করাতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। ডাক্তার বলেছে অস্ত্রোপচার করাতে ৮০ হাজার টাকা লাগবে। কে আমাকে এখন এই টাকা দেবে?’ ওই ঘটনায় অভিযুক্ত ফারুক খলিফার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। তবে ফারুকের বাবা জলিল খলিফা বলেন, ‘শেফালীকে কারা জবাই করার চেষ্টা করেছে তা আমরা জানি না।’ হুমকির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘শেফালীর পরিবার আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।’শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম বলেন, ‘পুলিশ ঘটনা তদন্ত করে এজাহারভুক্ত আসামিদের নামে অভিযোগপত্র দিয়েছে। জামিনে মুক্ত হয়ে ক্ষতিগ্রস্তদের হুমকি দেওয়ার বিষয়টি আমার জানা নেই।’