যন্ত্রণায় মেয়েটি, অসহায় পরিবার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী এখন আট মাসের অন্তঃসত্ত্বা। স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযুক্ত ধর্ষক রুবেল মিয়ার সঙ্গে মেয়েটির বিয়ে দিতে একাধিকবার চেষ্টা করলেও সফল হননি। অন্যদিকে মামলা করার পর থেকে রুবেল পলাতক। মামলা করায় মেয়েটির পরিবারকে সমাজচ্যুত করে রুবেলের প্রভাবশালী পরিবার ও সমাজপতিরা।একদিকে স্বীকৃতিহীন অন্তঃসত্ত্বা মেয়ে ও সমাজচ্যুত থাকার শাস্তি, অন্যদিকে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে প্রায় প্রতিদিন রাতে মেয়েটির বাড়ির চালে ঢিল ছুড়ছে দুর্বৃত্তরা।এ অবস্থায় ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন মেয়েটির মা। প্রথম আলোর এই প্রতিনিধির কাছে এসে তিনি বলেন, ‘আট মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে আমি এখন কোথায় যাব? ধর্ষক রুবেল মিয়াকেও পুলিশ গ্রেপ্তার করছে না। প্রতিদিন আমাদের পরিবারের ওপর নির্যাতনের মাত্রা বেড়েই চলছে। আমার তো মৃত্যু ছাড়া কোনো পথ নেই।’ পুলিশ ও মেয়েটির পরিবার জানায়, মেয়েটি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ত। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের জায়েদ আলীর ছেলে রুবেল মিয়া। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলামসহ জনপ্রতিনিধিরা রুবেলের সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়ার চেষ্টা করে। কাজ না হওয়ায় মেয়েটির মা গত ১৩ এপ্রিল সোনারগাঁ থানায় রুবেল মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলা হওয়ায় ক্ষুব্ধ হয় রুবেলের পরিবার ও গ্রামের মাতবরেরা। সালিস বৈঠক করে মেয়েটির পরিবারকে সমাজচ্যুত করা হয়। এ ঘটনায় ২ জুন আরেকটি মামলা করা হয়।মেয়েটির মা জানান, গত রোববার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া তাঁর ছোট ছেলেকে রাস্তায় মারধর করেন আবদুল বারেক মিয়া।গত মঙ্গলবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, সমাজচ্যুত করায় মেয়েটির পরিবারের সঙ্গে কেউ কোনো কথা বলছে না। গ্রামের বাসিন্দা আবদুল গণি ও মোতালেব মিয়া জানান, অসহায় পরিবারটির ওপর তাঁদেরও মায়া হয়। কিন্তু গ্রামের মাতবরদের রায়ের কারণে তাঁরা ওই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেন না। কারণ মাতবরেরা প্রভাবশালী।জনপ্রতিনিধিদের বক্তব্য: ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম জানান, ‘মেয়েটির সঙ্গে রুবেলের বিয়ে দিতে আমরা একাধিকবার বৈঠক করেছি। কিন্তু রুবেলকে তার বাবা লুকিয়ে রাখায় কোনো সমাধানে আসতে পারছি না।’একই কথা বলেন স্থানীয় সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন। তিনি জানান, ‘একসময় রুবেল মেয়েটিকে বিয়ে করতে রাজি হলেও তার পরিবারের চাপে পালিয়ে যায়।’নাজিরপুর গ্রামের বাড়িতে গিয়ে রুবেলকে পাওয়া যায়নি। তাঁর বাবা জায়েদ আলী দাবি করেন, রুবেল কোথায় তিনি জানেন না। ছেলের ধর্ষণের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘আমার ছেলে কোনো ধর্ষণ-টর্ষণ করে নাই। তাই ওই মাইয়্যার লগে বিয়া দেওয়ার প্রশ্নই উডে না।’পুলিশ যা বলে: দুটি মামলার তদন্ত কর্মকর্তা ও সোনারগাঁ থানার উপপরিদর্শক শেখ সাদিক বলেন, ‘মেয়েটির পরিবার এত অসহায় যে চোখের পানি এসে যায়। ধর্ষক রুবেল মিয়াকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।’